শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন মীরসরাইয়ের কৃতী সন্তান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। একই সঙ্গে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
এলিট বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ও বাড়িঘরে ভাঙচুর এবং সম্পত্তি দখলের অভিযোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি নয়, এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, “আমার সনাতন ভাই ও বোনদের বলতে চাই, আপনারা একা নন। এই দেশ আপনাদেরও।”
তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নির্যাতনের শিকার হবেন না এবং সবাই নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারবেন। পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষের শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।