চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে কার্যক্রম আওয়ামী লীগের নেতা ও হাটহাজারীর ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল মনছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই আন্দোলনে হত্যা ও আগস্টের হত্যাকাণ্ডসহ তাঁর বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ জুন জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবুল মনছুর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, অর্থ ব্যয় করে কর্মসূচি আয়োজন এবং রাতের বেলায় বিভিন্ন এলাকায় মিছিল করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি মোজাম্মেল হক জানান, আবুল মনছুরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। জামিনে মুক্তির পর তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
আবুল মনছুর বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বাকলিয়া, চান্দগাঁও ও হাটহাজারী থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।