শিশুর সুস্থ বিকাশ ও সংক্রমণের ঝুঁকি কমাতে প্রয়োজন সুষম পুষ্টি, পর্যাপ্ত ঘুম, নিয়মিত টিকাদান এবং পরিচ্ছন্ন জীবনযাপন। বিশেষজ্ঞদের মতে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য কোনো একক ওষুধ বা ‘ইমিউনিটি বুস্টার’ নেই; বরং ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উপায়।
শিশুর রোগ প্রতিরোধব্যবস্থা সুস্থ রাখতে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ—
১. মায়ের দুধ ও সুষম পুষ্টি: জন্মের পর যত দ্রুত সম্ভব বুকের দুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। ছয় মাসের পর বুকের দুধের পাশাপাশি বয়স উপযোগী পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।
২. সময়মতো টিকাদান: সংক্রামক রোগ থেকে সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী শিশুর সব টিকা নির্ধারিত সময়ে দেওয়া জরুরি।
৩. পর্যাপ্ত ঘুম: বয়স অনুযায়ী পর্যাপ্ত ও নিয়মিত ঘুম শিশুর শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ ও সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪. খেলাধুলা ও শারীরিক সক্রিয়তা: প্রতিদিন বয়স উপযোগী খেলাধুলা ও শারীরিক কার্যক্রম শিশুর সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।
৫. পরিচ্ছন্নতার অভ্যাস: খাবারের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং বাইরে থেকে ফিরে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
৬. ধোঁয়া ও দূষণ থেকে সুরক্ষা: শিশুর আশপাশে ধূমপান এড়িয়ে চলতে হবে। পরোক্ষ ধূমপান শিশুর শ্বাসতন্ত্রের ক্ষতি এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
৭. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ নয়: সাধারণ সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে অ্যান্টিবায়োটিক কিংবা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর নামে কোনো সাপ্লিমেন্ট দেওয়া উচিত নয়।
শিশুদের বারবার সংক্রমণ হওয়া সব সময় দুর্বল রোগ প্রতিরোধক্ষমতার লক্ষণ নয়। তবে সংক্রমণ গুরুতর হলে, দীর্ঘদিন স্থায়ী হলে কিংবা বারবার জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ইতি/