Bortoman Somoy  |
Bortoman Somoy |

অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল

নিজস্ব প্রতিবেদক Monday, 12 October 2026 · 9:56 pm

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

 

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, প্রস্তাবিত সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

 

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা ছিল।

 

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24854
প্রিন্ট করুন