দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬২।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৮০ জনের তথ্য নথিভুক্ত হয়েছে। একই সময়ে ৯৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। এই সময়ে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
ইতি/