Bortoman Somoy  |
Bortoman Somoy |

বিক্ষোভে আটক হওয়ার পর মুক্ত ইমরান খান

নিজস্ব প্রতিবেদক Sunday, 11 October 2026 · 1:44 pm

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর সঙ্গী লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটক অবস্থায় ভোগান্তির অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

 

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন তাঁরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষকে আটক করে পুলিশ।

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, ইমরান ও তাঁর দুই সঙ্গীকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। পরে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

 

মুক্তির পর লেখা ওয়াশিংটন ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করে তাঁদের নিরাপদে বাড়ি ফেরার বিষয়টি জানান। তবে তাঁর অভিযোগ, বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিতে চাইলেও বাধার মুখে পড়েন তাঁরা। পুলিশ চালকদের হুমকি দিচ্ছিল বলেও দাবি করেন তিনি।

 

আটকের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেন জায়েন মারি খান। তাঁর ভাষ্য, কেন তাঁদের আটক করা হয়েছে, তা জানতে চাইলেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি তাঁরা। একপর্যায়ে থানা থেকে বের হওয়ার চেষ্টা করলে এক পুলিশ কর্মকর্তা তাঁদের অনুসরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

 

ইমরান খানের অভিযোগ, তাঁদের প্রায় দুই ঘণ্টা পুলিশ ভ্যানে করে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। তবে আটকের কারণ সম্পর্কে তাঁদের কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি। পুলিশের সঙ্গে কথোপকথনের একটি ভিডিওতে কর্মকর্তাদের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলতে শোনা যায় অভিনেতাকে।

 

আটকের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতাও করেন ইমরান। পুলিশ ভ্যানে বসা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, মনে হচ্ছে তাঁকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।

 

কেন হয়েছিল বিক্ষোভ?

 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে।

 

মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে, আয়োজকদের দাবি, তাঁরা ই-মেইলে অনুমতি চাইলেও কোনো জবাব পাননি।

 

মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিসহ ভারতের অন্যান্য শহরেও বিক্ষোভকারীদের আটক করার খবর পাওয়া গেছে। এসব ঘটনা ঘিরে বিক্ষোভের অধিকার ও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অবলম্বনে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24772
প্রিন্ট করুন