Bortoman Somoy  |
Bortoman Somoy |

আসিফ মাহমুদ-স্ত্রীর সম্পদ ও লেনদেনের তথ্য চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক Thursday, 17 September 2026 · 5:37 pm

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ  সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্নার আর্থিক কর্মকাণ্ড ও সম্পদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে বিএফআইইউর কাছে পাঠানো চিঠিতে দেশে ও বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং বিভিন্ন আর্থিক লেনদেনের নথি সরবরাহের অনুরোধ জানানো হয়।

 

চিঠিতে আসিফ মাহমুদ, তাঁর স্ত্রী এবং তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির নামে থাকা ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এর আওতায় চালু, বন্ধ ও সুপ্ত হিসাবের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণসংক্রান্ত তথ্য রয়েছে।

 

এ ছাড়া তাঁদের দেশে-বিদেশে আর্থিক লেনদেন ও বিনিয়োগের তথ্যও যাচাই করতে চায় দুদক। বিশেষ করে পর্তুগাল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে সম্পদ, ব্যাংক হিসাব, বিনিয়োগ বা শেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য সংগ্রহের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ যাচাই করা হচ্ছে। তবে এসব অভিযোগ এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে; তথ্য যাচাই শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এর আগে তাঁর সরকারি দায়িত্ব পালনকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগও অনুসন্ধানের আওতায় নেয় দুদক। বর্তমান অনুসন্ধানে আর্থিক লেনদেনের পাশাপাশি দেশে ও বিদেশে থাকা সম্ভাব্য সম্পদের তথ্যও যাচাই করা হচ্ছে।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24608
প্রিন্ট করুন