হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই দেশের শিশুদের মধ্যে মাম্পসের সংক্রমণ নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে স্কুল ও অন্যান্য জনসমাগমপূর্ণ পরিবেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
মাম্পস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত লালাগ্রন্থিতে সংক্রমণের কারণে কানের নিচে, গাল ও চোয়ালের আশপাশে ব্যথাযুক্ত ফোলা দেখা দেয়। এর সঙ্গে জ্বর, মাথাব্যথা, দুর্বলতা, ক্ষুধামন্দা এবং খাবার চিবানো বা গিলতে অস্বস্তির মতো উপসর্গ দেখা দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রে মাম্পস মৃদু প্রকৃতির এবং সময়ের সঙ্গে সেরে যায়। তবে কিছু রোগীর ক্ষেত্রে মেনিনজাইটিস, এনসেফালাইটিসসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুর মধ্যে মাম্পসের উপসর্গ দেখা দিলে তাকে স্কুল বা জনসমাগমে না পাঠিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। WHO-এর তথ্য অনুযায়ী, লালাগ্রন্থির ফোলা শুরু হওয়ার আগে ও পরে কয়েক দিন আক্রান্ত ব্যক্তি অন্যদের মধ্যে ভাইরাস ছড়াতে পারেন। তাই এ সময় সংস্পর্শ কমানো গুরুত্বপূর্ণ।
মাম্পস প্রতিরোধে টিকাদান গুরুত্বপূর্ণ। WHO জানিয়েছে, টিকা নেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হতে পারেন, তবে টিকাপ্রাপ্তদের মধ্যে রোগ ও এর জটিলতার ঝুঁকি তুলনামূলকভাবে কম।
এ অবস্থায় শিশুদের নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা, আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলা এবং বয়স ও জাতীয় টিকাদানসূচি অনুযায়ী প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ইতি/