Bortoman Somoy  |
Bortoman Somoy |

শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক Tuesday, 15 September 2026 · 1:09 pm

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

প্রধানমন্ত্রী নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতি তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

পরিবারগুলোর প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, শোকের এই সময়ে সরকার ও সেনাবাহিনী তাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

 

সাক্ষাৎ শেষে দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য বাড়ি নির্মাণ, তাদের স্ত্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।

 

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় গোলা বিস্ফোরণের ঘটনায় সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত নিহত হন।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষে তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, কন্যা ফাতেমা সিদ্দিকা এবং বাবা-মা আব্দুল ওহাব ও পারভীন আক্তার উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

 

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24558
প্রিন্ট করুন