Bortoman Somoy  |
Bortoman Somoy |

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ৩২

নিজস্ব প্রতিবেদক Saturday, 12 September 2026 · 1:55 pm

রাজধানীর গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী জড়ো হন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন।

 

পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীদের দিক থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

 

ঘটনার পর অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

 

এদিকে, গুলশান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে দুজনকে গ্রেপ্তারের তথ্যও জানানো হয়েছিল।

 

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মিছিলটি ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24520
প্রিন্ট করুন