গাজীপুরে এক ইন্টারনেট ব্যবসায়ীকে ফোনে চাঁদা দাবি ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কৃষক দলের এক কর্মীর বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, চাঁদা না দেওয়ার পর ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ইন্টারনেটের অপটিক্যাল কেব্লও কেটে দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে গত মঙ্গলবার বাসন থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। অভিযোগে কৃষক দলের কর্মী তরিকুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
সাজ্জাদ হোসেন ‘অ্যাডভান্স নেটওয়ার্ক সিস্টেম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর দাবি, বাসন থানা এলাকায় বৈধ লাইসেন্সের মাধ্যমে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন তিনি। তবে প্রায় দুই মাস ধরে তরিকুল ইসলামসহ কয়েকজন তাঁর ব্যবসায় বিভিন্নভাবে বাধা দিয়ে আসছিলেন। একপর্যায়ে তাঁদের পক্ষ থেকে অর্থ দাবি করা হয় এবং দাবি পূরণ না করলে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত ৩১ আগস্ট রাতে তরিকুল ইসলাম মুঠোফোনে সাজ্জাদকে আবারও অর্থ দেওয়ার জন্য চাপ দেন। এ সময় বিদ্যুতের খুঁটিতে থাকা তাঁর প্রতিষ্ঠানের ইন্টারনেটের তার কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ছড়িয়ে পড়া ফোনালাপে তরিকুলকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের কেউ এলাকায় ব্যবসা করতে পারবেন না। ব্যবসার বৈধ লাইসেন্স থাকলেও তা মেনে নেওয়া হবে না—এমন বক্তব্যও ওই কথোপকথনে রয়েছে।
সাজ্জাদের অভিযোগ, ওই ঘটনার পরদিন রাতে তেঁতুলতলা এলাকায় এক গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে কর্মীদের পাঠালে তাঁরা বাসন থানার বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানের অপটিক্যাল কেব্ল কাটা অবস্থায় দেখতে পান। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. শিবলু মিয়া জানান, ব্যবসায়ীকে হুমকি এবং ইন্টারনেটের কেব্ল কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করেন তরিকুল ইসলাম। তাঁর দাবি, তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচার ও অভিযোগ করা হচ্ছিল। এ কারণে তিনি ফোনে ওই ধরনের কথা বলেছেন বলে জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় তাঁদের রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে।
অন্যদিকে সাজ্জাদ হোসেনের দাবি, তিনি নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং বৈধভাবেই ব্যবসা পরিচালনা করছেন। তারপরও অর্থের জন্য তাঁকে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার পর তিনি ও তাঁর কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইতি/