Bortoman Somoy  |
Bortoman Somoy |

শেখ সেলিম পরিবারের ৩৬ কোটি টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক Wednesday, 2 September 2026 · 11:49 am

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তাঁর স্ত্রী ও তিন সন্তানের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ মোট ৩৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৪৯৫ টাকার সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

দুদকের অনুসন্ধানে এসব সম্পদের তথ্য পাওয়ার পর সংশ্লিষ্টদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার (১ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

 

দুদকের তথ্যমতে, শেখ ফজলুল করিম সেলিমের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

 

এ ছাড়া তাঁর স্ত্রী ফাতেমা সেলিমের নামে এক কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকা, ছেলে শেখ ফজলে নাঈমের নামে ১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকা, মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকা এবং আরেক ছেলে ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের নামে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পেয়েছে অনুসন্ধান দল।

 

দুদক বলছে, শেখ সেলিমের স্ত্রী ও তিন সন্তানের নামে-বেনামে দেশে বা বিদেশে আরও স্থাবর ও অস্থাবর সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এসব সম্পদের তথ্য যাচাই এবং সম্পদ অর্জনের প্রকৃত উৎস অনুসন্ধানে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

কমিশন জানিয়েছে, শিগগিরই সংশ্লিষ্টদের কাছে এসব নোটিশ পাঠানো হবে।

 

ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে চলতি বছরের মার্চে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে সংস্থাটি।

 

তবে দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য ও অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24273
প্রিন্ট করুন