Bortoman Somoy  |
Bortoman Somoy |

সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

নিজস্ব প্রতিবেদক Monday, 31 August 2026 · 3:09 pm

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।

 

রোববার বিষয়টি নিশ্চিত করেন সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তার সঙ্গে কাজ করার উদ্দেশ্যেই গ্রায়েম এল. হল বার কাউন্সিলে আবেদন করেছেন।

 

মামলাটিতে গত ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের অভিযোগে তার বিরুদ্ধে কারফিউ জারি, মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

 

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জড়িত ছিলেন। তাদের নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলেও অভিযোগ করা হয়েছে।

 

বর্তমানে মামলায় সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী লড়ছেন। তার সঙ্গে কাজ করতে গ্রায়েম এল. হল গত ২৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন।

 

তবে বিদেশি আইনজীবী হিসেবে গ্রায়েম এল. হলকে বাংলাদেশে মামলাটিতে সরাসরি আইনি কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বার কাউন্সিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24208
প্রিন্ট করুন