গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গণে আওয়ামী লীগের এক নেতাকে আদালতে পাঠানোর প্রস্তুতির সময় স্লোগান দেওয়ার অভিযোগে তার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ওই নেতাকে প্রিজন ভ্যানে তোলার সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মাহদী হাসান (২৬), মৃত আব্দুর রউফের ছেলে হারুন রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।
পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করা হয়। পরদিন দুপুরে তাকে আদালতে পাঠানোর জন্য থানার ভেতর থেকে প্রিজন ভ্যানে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় তার কয়েকজন স্বজন ও সমর্থক স্লোগান দিতে শুরু করেন।
থানা প্রাঙ্গণে স্লোগান দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার পাঁচজন ছাড়াও আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইতি/