Bortoman Somoy  |
Bortoman Somoy |

সাজেক যাওয়ার পথে ঢাবি ছাত্রীকে অপহরণ

অনলাইন ডেস্ক Wednesday, 6 September 2023 · 10:24 am

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী অপহরণের শিকার হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

অপহৃতা দ্বীপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত বলে জানা গেছে। তিনি রোকয়া হলের আবাসিক ছাত্রী।দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের শীতেজ বিকাশ চাকমার মেয়ে।

জানা যায়, দ্বীপিতা কয়েকজন বন্ধুকে নিয়ে পর্যটকবাহী গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় অতর্কিত তাদের গাড়ি আটকিয়ে দ্বীপিতাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। কী কারণে তাকে অপহরণ করা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মীর মো. আবু তৌহিদ। তিনি বলেন, একদল পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। এর পরপরই অপহৃতাকে উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের চারদিকে অভিযান তৎপরতা শুরু করেছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/15047
প্রিন্ট করুন