Bortoman Somoy  |
Bortoman Somoy |

ড. ইউনূসকে নিয়ে পোস্টে যা লিখলেন হিলারি ক্লিনটন

অনলাইন ডেস্ক Wednesday, 30 August 2023 · 8:03 am

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে ফেসবুকে দেওয়া ওই পোস্টে নোবেলজয়ীর পাশে থাকার আহ্বান জানান তিনি।

পোস্টে হিলারি ক্লিনটন লিখেছেন, ‌‘নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তার প্রয়োজনের মুহূর্তে সমর্থন করার জন্য আমার এবং ১৬০ জনের বেশি বিশ্বনেতার পাশে দাঁড়ান। তাকে হয়রানি বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন।’

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ১৬০টির বেশি বিশ্বনেতার বিবৃতিটি সংযুক্ত করেন। সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অনেক বিশ্বনেতা ও নোবেলজয়ীর নাম রয়েছে। বিবৃতিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগের কথা জানান তারা।

এ ছাড়া ড. ইউনূসকে নিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী, লেখক এবং মানবাধিকারকর্মী কেরি কেনেডি। তিনি বিশ্বখ্যাত মানবাধিকারবিষয়ক সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির মেয়ে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি।

এর আগে গত ২৭ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার এক দিন পরই ১৬০ জন বিশ্বনেতার চিঠি নিয়ে আবারও আলোচনায় ড. ইউনূস ও আসন্ন নির্বাচন।

এদিকে ড. মুহাম্মদ ইউনূসের মামলার বিষয়ে এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আত্মসম্মান না থাকায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করছেন।’

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/14389
প্রিন্ট করুন