খুঁজুন
, ,

এক দফা কর্মসূচি ঘোষণার সমাবেশে ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 July, 2023, 5:41 pm
এক দফা কর্মসূচি ঘোষণার সমাবেশে ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি

ঢাকায় বুধবার সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহালের এক দফার কর্মসূচি ঘোষণা করবে দলটি। জানা গেছে সরকারের পদত্যাগে সিরিজ কর্মসূচিও দেয়া হবে। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও ভিন্ন ভিন্ন প্লাটফর্ম থেকে একই কর্মসূচি ঘোষণা দেবে।

রাজধানীর নয়াপল্টনে নিএনপির কার্যালয়ের সামনের সড়কে এদিন বেলা ২টায় এ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের জন্য সোমবার মৌখিক অনুমিতও পেয়েছেন তারা। নিজেদের শক্তি জানান দিতে সমাবেশকে কেন্দ্র করে চলছে জোরালো প্রস্তুতি। করতে চায় ব্যাপক শোডাউন। এদিন সর্ববৃহৎ সমাবেশ করতে চায় বিএনপি। ঢাকা বিভাগের জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিগত জাতীয় নির্বাচনে ঢাকা বিভাগের অধীন প্রতিটি সংসদীয় আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রথম দুজন প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে বিএনপি। সংশ্লিষ্ট নেতাদের ঢাকার সমাবেশে সর্বোচ্চ লোকসমাগমের নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার সিলেটে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন তরুণ নেতৃবৃন্দ। শনিবার জরুরিভিত্তিতে তাদের ঢাকায় ডেকে আনা হয়। আগামীকালের সমাবেশ সফল করতে দেয়া হয় নানা নির্দেশনা। এছাড়া গত রোববার যৌথসভা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সেখানেও মহানগরের প্রতিটি থানা কমিটিকে সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি ঘটানোর নির্দেশনা দেয়া হয়েছে।

যৌথ সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমন বলেন, ১২ জুলাইয়ের সমাবেশে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে আপনাদের আসতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে।

দলীয় নেতাকর্মীর পাশাপাশি সমাবেশে জনসম্পৃক্ততা চায় দলটি। এ লক্ষ্যে রাজধানীতে গত এক দশক পর মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ের মধ্য দিয়ে ঢাকাবাসীকে বুধবারের সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, আগামীকাল নয়াপল্টনে পার্টি অফিসের সামনের সমাবেশটি হবে মহাসমাবেশ। ঢাকা ও ঢাকার আশাপাশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আসবেন। সমাবেশ শেষ করে তারা ফিরবেন। বিএনপি শান্তিপ্রিয় দল। জনসম্পৃক্ততার মাধ্যমে সরকারকে বার্তা দিতে চায় যে আপনাদের যাওয়ার সময় হয়েছে। এবার যেতে হবে।

তিনি আরো বলেন, দেশের বড় শহরগুলোতে যুবদল-স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল তারুণ্যের সমাবেশ করেছে। এসব সমাবেশের মাধ্যমে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটছে। আগামীকালের সমাবেশে তারুণ্যের জনস্রোত থাকবে।

আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বিএনপি। দলটির সমাবেশ এমন এক সময় দেয়া হয়েছে যখন ঢাকায় অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী দল। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে গত ৮ জুলাই ঢাকায় আসেন তারা। প্রতিনিধি দলটি আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকা থাকবে। জানা গেছে, ইইউ প্রতিনিধিদলের এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিবর্তনে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি বুধবার ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলনে থাকা সব দল যার যার অবস্থান থেকে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে। ওই দিন আন্দোলনের নতুন মাত্রার কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

অন্যান্য দল যেসব জায়গা থেকে কর্মসূচি ঘোষণা দেবে

গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হল থেকে বেলা ৪ টায়, ১২ দলীয় জোট ডিআরইউ মিলনায়তন থেকে বিকেল ৩টায়, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর পানিরট্যাংক সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে বিকাল ৩ টায়, এলডিপি দলীয় অফিস (এফডিসি সংলগ্ন) থেকে বিকাল ৩ টায়, গণফোরাম মতিঝিল গণফোরাম অফিসের সামনে থেকে বিকাল ৩টায়, গণঅধিকার পরিষদ (নুর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিকাল ৩টায়, গণঅধিকার পরিষদ (রেজা) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিকেল ৩টায়, গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেসক্লাব থেকে বিকেল ৩টায়, বাংলাদেশ লেবার পার্টি নয়াপল্টনের মসজিদ গলি থেকে বিখেল ৩টায়, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিকেল ৩টায়, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিকেল ৩টায় অভিন্ন কর্মসূচি ঘোষণা দেবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।