খুঁজুন
, ,

বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে না: সালমান এফ রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 July, 2023, 12:06 pm
বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে না: সালমান এফ রহমান

তত্ত্বাবধায়ক সরকার নয়, বিদেশিরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘বিএনপি অনেক জ্বালাও পোড়াও আন্দোলন করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়ে অনেক ডেট (তারিখ) দিয়েছে- শেখ হাসিনার সরকারকে যেমন করেই হোক ক্ষমতায় থেকে নামিয়ে দেবে। হাস্যকর বিষয় হলো তাদের আন্দোলন, দাবি ধুলোয় মিশিয়ে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা রয়েই গেছেন।’

সম্প্রতি বিদেশিদের বাংলাদেশে সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘বিএনপির কথার সঙ্গে বিদেশিদের কথার কোনো মিল নেই। বিএনপি দাবি করছে, ‘‘আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না।’’ কিন্তু বিদেশিরা বলছে, ‘‘আমরা তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি আছেন। আপনারা জানেন, ইতোমধ্যে কয়েকটি দেশ থেকে নির্বাচন অবজার্ভ (পর্যবেক্ষণ) করতে বিদেশ থেকে লোক আসছে। আমরাও তাদের সহযোগিতা করছি।’

তিনি বলেন, ‘মার্কিন সরকার ভিসানীতিতে বলেছে, যারা নির্বাচনকে বাধা দিবেন তাদের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেবে। কিন্তু আমার কথা হলো- আমরা তো নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি তো নির্বাচন হতে দিতে চাচ্ছেন না। তাই সবাই আগে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচন সন্নিকটে, কে নৌকার মনোনয়ন পাবে তা এখনো ঠিক হয়নি। তবে এখন থেকেই আমাদের নৌকার জন্য ভোট চাইতে হবে। কারণ ঢাকার এই পাঁচটি আসন আমি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চেয়েছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধের মতো আবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধের বিকল্প নেই।’

কামরুল ইসলাম বলেন, ‘মনে রাখতে হবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বিদেশি দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে যে নাক গলাচ্ছে, মনে হচ্ছে আমরা তাদের অঙ্গরাজ্য। তারা চায় বিএনপির মতো সরকার পরিবর্তন। কিন্তু কোনো দিনও তা হবে না। বিএনপি যদি আবারও আগুন সন্ত্রাসে মেতে ওঠে, আমরা তার দাঁতভাঙা জবাব দেব। পরিষ্কার কথা, নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘আমি আজ কোনো রাজনৈতিক বক্তব্য রাখব না। আজ শুধু সাংগঠনিক কথা বলব। আজ এই বর্ধিত সভা আগামী নির্বাচনে বিজয়ী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ধিত সভায় সংগঠনের বিভিন্ন সমস্যার কথা শুনেছি। আমি অনেক বর্ধিত সভায় গিয়েছি সেখানে চেয়ার ছোড়াছুড়িসহ অনেক সংঘর্ষ হয়েছে। কিন্তু ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চমৎকারভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি ঢাকা জেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা আর সন্ত্রাসীদের ক্ষমতায় যেতে দেব না। এবারের নির্বাচন সত্তরের নির্বাচনের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।