খুঁজুন
, ,

এক যুগ পর ঢাকার পাড়া মহল্লায় বিএনপির মাইকিং

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 July, 2023, 2:28 am
এক যুগ পর ঢাকার পাড়া মহল্লায় বিএনপির মাইকিং
বিএনপির কালকের সমাবেশ উপলক্ষে ঢাকা শহরের পাড়া-মহল্লায় চলছে মাইকিংসহ নানামুখী প্রচার। মাইকে সবাইকে কাল বুধবারের সমাবেশে আসার আহ্বান জানানো হচ্ছে। যে সমাবেশ থেকে একদফা আন্দোলেনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রিকশা করে সমাবেশের মাইকিং চলছে। মাইকে ঘোষণা হচ্ছে- ‘প্রিয় নগরবাসী, আসছে ১২ জুলাই বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমানো ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবে এই সমাবেশ। উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে আওয়াজ তুলুন “এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার।” চল চল পল্টন চল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোল।’
বিএনপির সামবেশে নিয়ে মাইকে এমন প্রচার নিকট অতীতে দেখা যায়নি। নয়াপল্টনের পাশের একটি গলিতে এমন প্রচারণা চলাকালীন কথা হয় ঢাকা দক্ষিণ বিএনপির এক নেতার সঙ্গে। তিনি বলেন, এক যুগ পর সমাবেশ ঘিরে আমরা মাইকে পাড়া-মহল্লায় প্রচার করতে পারছি। আন্দোলনে আলো আসবে। এই যাত্রা বিজয় যাত্রায় পরিণত হবে।
এই রাজনৈতিক অধিকার আমরা অর্জন করেছি। সম্প্রতি জোরালো কূটনৈতিক তৎপরতার কারণে এটা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
বড় শোডাউনের মাধ্যমে একদফা আন্দোলনের ঘোষণা দিতে চায় বিএনপি। এ জন্য ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের পল্টনে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার দুই মহানগর এই সমাবেশের মূল আয়োজক। রোববার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহানগর উত্তর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। ব্যাপক লোক সমাগম ঘটাতে প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, সমাবেশ সফল করতে আমরা যৌথ সভা করেছি। ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সবাই যাতে সমাবেশে আসে তা কঠোরভাবে মনিটরিং করা হবে। সমাবেশ সফল করতে তারা দফায় দফায় প্রস্তুতি সভা করছে। ঢাকা জেলাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়া চৌধুরী  বলেন, আমরা সমাবেশের ব্যাকআপ হিসেবে থাকব। প্রত্যেকটি ইউনিটের সঙ্গে আলোচনা প্রস্তুতি সভা-ঘরোয়া বৈঠক চলছে।
সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। ঢাকা জেলা ছাড়া আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা বুধবার নয়াপল্টনে জমায়েত হবেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল  জানান, কেন্দ্র থেকে আমাদেরকে বুধবারের সমাবেশে যেতে বলা হয়েছে। তবে কর্মীদের বাধ্যবাধকতা নেই। যে পারে ঢাকা যাবে- এমনটা বলা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় এক নেতা জানান, মোবাইলে খুদে বার্তা দিয়ে সংগঠনের নেতাকর্মীদের বুধবার দুপুরে নাইটিঙ্গেল মোড়ে থাকতে বলা হয়েছে।
এদিকে সমাবেশের জন্য পুলিশের কাছে লিখিত অনুমতি চেয়েছে বিএনপি। রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা ও সিএনজিযোগে মাইক ব্যবহারের অনুমতিও চাওয়া হয়। সমাবেশ থেকে একদফার কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর আগে দিনভর যুগপৎ শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি।
জানা গেছে, একই দিনে, একই সময়ে যুগপৎ আন্দোলনে থাকা ৩৮ দল আলাদা মঞ্চ থেকে তত্ত্বাবধায়ক সরকারের একদফার ঘোষণা দেবে। গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবে বিকালে সংবাদ সম্মেলন করে ও জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর কালভার্ট রোডে সমাবেশ থেকে একদফার ঘোষণা দেবে। অলি আহমেদের এলডিপি তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঘোষণা দেবে। অন্য শরিকরাও পল্টন ও এর আশপাশে কর্মসূচি পালন করে একদফার ঘোষণা দেবে। পরে বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক বলেন, বুধবার একদফার যৌথ ঘোষণার পাশপাশি রাষ্ট্র মেরামতে ৩১ দফা প্রস্তাবও তুলে ধরা হবে। তবে এখনই হরতাল, অবরোধ আসবে না। সমাবেশ কিংবা মানববন্ধন আসতে পারে। আর বিএনপি ও আমাদের পদযাত্রাসহ বেশ কয়েকটি কর্মসূচি সামনে আছে। এগুলো শেষ করে রাজপথের ভিন্ন কর্মসূচি দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণ-অধিকার পরিষদের নুরুল হক নুরদের সাম্প্রতিক পাল্টাপাল্টি ঘটনা নিয়ে বিএনপি বিব্রত ও কিছুটা অস্বস্তি প্রকাশ করেছে। এসব ঘটনা নেতিবাচক হিসেবে বৈঠকে আলোচনা হয়। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সময়ের আলোকে বলেন, বুধবার বিকেল তিনটা থেকে চারটার মধ্যে এক দফার ঘোষণা দিতে বিএনপি শরিকদের নির্দেশনা দিয়েছে। এর কোন ব্যত্যয় যাতে না হয়- সেদিকে জোর দেওয়া হয়েছে।
তবে জামায়াতে ইসলামী ওই দিন একদফা ঘোষণা না দিলে পরে তারা নিজেদের কর্মসূচি থেকে তা ঘোষণা করবে বলে দলটির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।