খুঁজুন
, ,

বিএনপির একদফা ঘোষণা ১২ জুলাই. নয়াপল্টনে রুদ্ধদ্বার বৈঠকে বড় প্রস্তুতির নির্দেশনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 July, 2023, 7:25 am
বিএনপির একদফা ঘোষণা ১২ জুলাই. নয়াপল্টনে রুদ্ধদ্বার বৈঠকে বড় প্রস্তুতির নির্দেশনা

আগামী ১২ জুলাই সরকারবিরোধী একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিশাল সমাবেশ’ থেকে এ ঘোষণা দেবে দলটি। এ জন্য বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোকে সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (ভার্চুয়ালি) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার সভায় এ নির্দেশ দেওয়া হয়। নয়াপল্টনের এই বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের ভাড়াবাসা ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এর পর রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন।

বৈঠকসূত্রে জানা যায়, আগামী ১২ জুলাই একই দিনে সমমনা রাজনৈতিক দল ও জোট নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। যুগপৎ আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে কিনা, এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। গতকাল রাতে জামায়াতের গুরুত্বপূর্ণ একজন নেতা আমাদের সময়কে বলেন, যুগপৎ আন্দোলনের বিষয়ে জামায়াতে ইসলামী কী করবে, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াত যুগপৎ আন্দোলনে থাকার সম্ভাবনাই বেশি।

গত বছরের ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর পর ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন কর্মসূচি শুরু করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে গত ৩০ ডিসেম্বরের কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নিলেও পরে যুগপৎ কর্মসূচিতে দলটিকে দেখা যায়নি। বিএনপির নীতিনির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনবিষয়ক ছয় সদস্যের তথ্যানুসন্ধানী মিশনের সঙ্গে দলটির প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে। ১৬ দিনের ইইউ মিশনটির দুই সদস্য গতকাল শনিবার ঢাকায় পৌঁছেছে। আজ রবিবার বাকি চার সদস্য পৌঁছানোর কথা রয়েছে। তাদের সঙ্গে বৈঠকের আগেই সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ঘোষণার মধ্য দিয়ে ইইউ প্রতিনিধি দলের কাছে বিএনপি বার্তা দিতে চায়, সরকার পতনের আন্দোলন চূড়ান্ত ধাপে নেমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ১২ জুলাই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের জমায়েত করে একদফার ভিত্তিতে কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠকে অংশ নেওয়া গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি আমাদের সময়কে বলেন, ১২ জুলাইয়ের সমাবেশ সফলের প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের আছে।

এদিকে, আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথসভা আহ্বান করেছে। বেলা ৩টায় নয়াপল্টনের ভাসানী ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা বিএনপিও আগামীকাল সোমবার থানা ও পৌর কমিটির বৈঠক আহ্বান করেছে। নির্দেশনা পাওয়ার পর অন্যান্য জেলা ও মহানগর কমিটিও কাজ করছে বলে জানান ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

অন্যদিকে, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আগামীকাল সোমবার মতবিনিময় সভা আহ্বান করেছেন। ঢাকা বিভাগের প্রতিটি জেলা মহানগর, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুপার ফাইভ নেতাদের আহ্বান করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ জন্য আজ অথবা কালকের মধ্যে বিএনপির একটি প্রতিনিধি দলের ডিএমপিতে যাওয়ার কথা রয়েছে।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার রাতে হঠাৎ করে তাদের জানানো হয় দলের শীর্ষনেতা তাদের সঙ্গে বৈঠক করবেন। তারুণ্যের সমাবেশে অংশ নিতে ততক্ষণে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সিলেটে অবস্থান করছিলেন। বৈঠকে অংশ নিতে দ্রুত তারা ঢাকা ফেরেন।

বৈঠকসূত্র জানায়, প্রায় এক ঘণ্টার বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেলা ও অঙ্গসংগঠনের একজন করে শীর্ষনেতা বক্তব্য রাখেন। বৈঠকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদও অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, কর্মসূচিতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিতে সবার নজর দিতে বলা হয়েছে। ঢাকার আশপাশের জেলা থেকে যেন উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়, সে বিষয়ে নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।

এদিকে রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, স্থায়ী কমিটির বৈঠকে সমমনা জোট ও দলগুলোর কর্মসূচির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাবে হরতাল, অবরোধ, অসহযোগ ও ঘেরাওসহ লাগাতার নানা কর্মসূচির প্রস্তাব রয়েছে। তবে বিএনপি হরতাল-অবরোধের মতো সহিংসতার কর্মসূচিতে যেতে চায় না। অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায়। পরিস্থিতি বাধ্য করতে কঠোর কর্মসূচিতে যাবে দলটি। কিন্তু ১২ জুলাই কী কর্মসূচি ঘোষণা করা হবে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত কয়েকদিনে যুগপৎ আন্দোলনে শরিক দুটি জোট ও দুটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ১২-দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের পাশাপাশি গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা। বৈঠকে সব দল সরকার পতনের লক্ষ্যে একদফার ঘোষণায় যেতে একমত হয়। এসব সমমনা দল ও জোট একমঞ্চ থেকে যৌথ ঘোষণা দেওয়ার প্রস্তাব দিলেও আন্দোলনের মূল দল বিএনপি আপাতত পৃথক পৃথক প্ল্যাটফর্ম থেকে একদফার আন্দোলন ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে।
দলটির নেতারা বলেন, রাজপথের সম্পর্ক ভিত্তি ধরে একমঞ্চে ওঠার পক্ষে বিএনপি। আগামীকাল সোমবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক আছে। ওই বৈঠকে সম্মিলিত বিরোধী দলের রাষ্ট্র মেরামতের ‘যৌথ ঘোষণাপত্র’ নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, চলমান আন্দোলনকে একটি গণআন্দোলন বা জাতীয় রূপ দিতে চাইলে বিরোধী দলগুলোকে একমঞ্চে ওঠার জন্য আরও অপেক্ষা করা হতে পারে। রাজপথ থেকেই সব দলের বোঝাপড়ার মধ্য দিয়েই একমঞ্চে উঠলে আন্দোলনে ভালো ফল আসবে বলে মনে করেন এই নেতা।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।