খুঁজুন
, ,

তামিমের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পাপনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 7 July, 2023, 3:04 am
তামিমের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পাপনের
কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তামিম ইকবালকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ কথা জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে বিসিবি জরুরি সভা ডেকেছিল। যেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বোর্ড কর্তারা। সেখানেই তামিমের অবসর পত্র না পাঠানোর বিষয়টি জানান তারা। এটাও জানান তামিম সিদ্ধান্ত পরিবর্তন করলে তাকে নিয়েই বিশ্বকাপের দল গড়া হবে।

নাজমুল হাসান পাপন বলেন, আজকে বসার পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। এ কারণে তার সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কয়েকবার কথা বলেছি তার ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেছেন, পরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবেন। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি তিনিই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।

পাপন বলেন, তামিমের সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করেও তাকে পাইনি। তার পর তার ভাই নাফীসের মাধ্যমে বার্তা দিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমরা তার উত্তরের অপেক্ষায়। উত্তর পাওয়া পর্যন্ত বিসিবির কাছে তামিমই বাংলাদেশ দলের অধিনায়ক। আমরা চাই তামিম সিদ্ধান্ত বদল করে ফিরে আসুক। তাহলে খুশি হবো।

এক প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, আমাদের এই অল্প সময়ে অধিনায়ক পরিবর্তনের কোনো পরিকল্পনা ছিল না। বিশ্বকাপ এবং এশিয়া কাপে তামিমকেই অধিনায়ক হিসেবে ভাবনায় রেখেছিলাম। কিন্তু হুট করে সে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে কি কারণে তামিম অবসর নিয়েছেন সে ব্যাপারে কিছু জানি না। কিছু একটা ফ্যাক্টর তো আছে। যদি সেটা বেড় করতে পারি, তবে শুধু তামিম ইকবাল না সবকিছুর সমাধান হবে।

তামিমের অবসরে আফগানিস্তান সিরিজে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, দলে ইতোমধ্যে প্রভাব পড়ে গেছে। সামনে এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। এবারই আমরা আশা করেছিলাম ভালো ফল করব। কিন্তু মাত্র তিন মাস আগে এমন সিদ্ধান্ত দেশের ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমার ধারণা সে আবেগপ্রবণ হয়ে করেছে। যদিও সে বলেছে, একদিনে সিদ্ধান্ত না। কয়েকদিনে নিয়েছে।

তামিমের আগের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাপন বলেন, তবে আবার বলছি, যতবার এমন পরিস্থিতি আসবে, যেকোনো খেলোয়াড়, যদি সে মনে করে খেলার দিন সে সিদ্ধান্ত নেবে খেলবে কি খেলবে না- এগুলো চলবে না। হয় আপনি ফিট, অথবা নন। ফিট থাকলে দলে থাকবেন, না হলে না। এটাই সবার কাছে বার্তা। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এর ব্যত্যয় ঘটে। এটা আমি করবই।

এর আগে সংবাদ সম্মেলন গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনের শুরু থেকেই দেখা যায় তার চোখে পানি। বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। মিনিট দশেক পর কথা শুরু করেই তামিম জানান, গতকাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে চট্টগ্রামে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে টাইগাররা। প্রথম ওয়ানডের আগে শতভাগ ফিট না হয়েই খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তামিম। পুরোপুরি ফিট না থাকায় ব্যাট হাতে মাত্র ১৩ রান করেই আউট হয়েছেন তিনি। এসব নিয়েই আলোচনা-সমালোচনায় সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন।

প্রসঙ্গত, ৩৪ বছর বয়সী তামিম তার ১৬ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১টি একদিনের ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮ হাজার ৩১৩ রান করেছেন, সেঞ্চুরি ১৪টি, ফিফটি ৫৬টি। টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫ হাজার ১৩৪ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১০টি ও ফিফটি ৩১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম। টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ১৭০১ রান করেছেন তামিম। এই সংস্করণে দেশের হয়ে শুধু তামিমই সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।