খুঁজুন
, ,

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে ১৭ রানে টাইগারদের হার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 5 July, 2023, 5:31 pm
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে ১৭ রানে টাইগারদের হার

স্পোর্টস ডেস্ক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ রানে হারল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় হেরে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। শুক্রবার চট্টগ্রামের একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বাংলাদেশ।

বৃষ্টি আইনে আফগানিস্তানের টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ১৬৪ রান। মামুলি স্কোর তাড়ায় সাবধানী শুরু করে আফগানিস্তান। ইনিংসের শুরু থেকে বৃষ্টিভেজা মাঠে রান করতে কঠোর পরিশ্রম করতে হয় আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে। তাদের ৯৪ বলের ৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের বলটিকে মিডউইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে পরিণত হন রহমানউল্লাহ। তিনি ৪৫ বলে মাত্র একটি বাউন্ডারির সাহায্যে ২২ রানে ফেরেন।

আফগানিস্তান ২১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান করার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির আগে জয়ের জন্য আফগানদের জয়ে প্রয়োজন ছিল ২ উইকেটে ৬৭ রান। কিন্তু তারা ২ উইকেটে ৮৩ রান করে জয়ের পথে থাকে।

বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ানোয় ডিএলমেথডে ১৭ রানে জয় পায় আফগানিস্তান।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে প্রত্যাশিত রান করতে পারেনি বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের ৫১ রানের ইনিংসে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টেনেটুনে ৯ উইকেটে ১৬৯ রান করেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারে দলীয় ৩০ রানে বাংলাদেশ হারায় অধিনায়ক তামিম ইকবালের উইকেট। তামিমকে কট বিহাইন্ড করেন ফজলহক ফারুকি। সাজঘরে ফেরার আগে ২১ বলে ১৩ রান করে বিদায় নেন তামিম।

১১.২ ওভারে দলীয় ৬৫ রানে আউট হন আরেক ওপেনার লিটন দাস। মুজিব উর রহমানের করা লেগ স্টাম্পের বলে স্কয়ার লেগের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন লিটন। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করে ফেরেন তিনি।

এরপর বোলিংয়ে এসেই নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন মোহাম্মদ নবি। তার প্রথম বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দেন শান্ত। সাজঘরে ফেরার আগে ১৬ বলে ১২ রান করেন শান্ত। ১২.১ ওভারে তার বিদায়ে ৭২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

১৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৪ রান। সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় ৪ ও ৮ রানে ব্যাটিংয়ে ছিলেন। তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ৫০ মিনিট।

বৃষ্টির পর খেলা শুরু হলে সাকিবকে আউট করেন আজমতউল্লাহ ওমরজাই। তার বলে এক্সট্রা কাভারে খেলেন সাকিব। ডানদিকে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ নবি। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ১৪ রান করার সুযোগ পান সাকিব।

সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই বিপদে পড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। লেগ স্পিনার রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক। তার বিদায়ে ২৩.৫ ওভারে ১১২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ১২৮ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আফিফ হোসেন।

৩২.৫ ওভারে দলীয় ১৩৯ রানে ফলজহক ফারুকির গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি ২৩ বল খেলে মাত্র ৫ রানে আউট হন।

৩৪.১ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করে ১৪২ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৭ ওভার। নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৬৯ রান। দলের হয়ে ৬৩ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫১ রান করেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।