খুঁজুন
, ,

ঈদে ‘লাল মাংস’ পরিমিত খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 29 June, 2023, 1:02 am
ঈদে ‘লাল মাংস’ পরিমিত খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

 

চিকিৎসা পরিভাষায়, গরু, খাসি, মহিষ, ভেড়ার মাংসকে লাল মাংস বা রেড মিট বলা হয়ে থাকে। এসব মাংসে মায়োগ্লোবিন নামক উপাদান বেশি থাকার কারণে মাংস লাল হয়। এই মাংসে উচ্চমাত্রার চর্বি ও কোলেস্টেরল থাকায় খাওয়ার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থেকে যায়। তাই রোগীদের ক্ষেত্রে খুব সতর্ক হয়ে রেড মিট খাওয়া প্রয়োজন বলে অভিমত তাদের।

লাল মাংসে যাদের ঝুঁকি বেশি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার  বলেন, হৃদরোগীদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা উচিত তাদের রোগ নিয়ন্ত্রণের জন্যই। যেসব মানুষের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে, যাদের হার্টে রিং পরানো আছে, যাদের হার্টে বাইপাস হয়েছে এবং যাদের জন্মগত হার্টের ঝুঁকি আছে, এই ধরনের লোকদের আমরা সবসময়ই পরিমিত আহারের কথা বলে থাকি।

এছাড়াও যাদের ডায়াবেটিস আছে, রক্তচাপ আছে এবং রক্তে চর্বির মাত্রা বেশি আছে, তাদেরকেও খাবার-দাবারে সতর্কতার কথা বলি। বিশেষ করে রেড মিট বা লাল মাংসের বিষয়ে সচেতন করে থাকি।

তিনি বলেন, ‘আমরা শুধু ঈদ নয়, রেড মিটকে সবসময়ই এভোয়েড করতে বলি, কারণ এগুলোতে প্রচুর চর্বি থাকে। আর এই চর্বিগুলো খাওয়া হলেই রক্তে গিয়ে জমে যায় এবং হৃদরোগের অংশটাকে আরও বাড়িয়ে দেয়।’

ডা. প্রদীপ কুমার বলেন, ‘ঈদের সময় অনেকে একসঙ্গে বেশি পরিমাণ মাংস খেয়ে ফেলে, যে কারণে আমরাও এই সময়টাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি পাই। আমরা তো প্রতি ঈদেই হাসপাতালে দায়িত্ব পালন করি, এই সময়টাতে আমরা দুই ধরনের রোগী বেশি পাই। এর মধ্যে কিছু রোগী আসে গরু জবাই করতে গিয়ে ধস্তাধস্তিতে অসুস্থ হয়, আর বাকিরা আসে অতিরিক্ত খাবার-দাবারে অসুস্থ হয়ে।’

দিনে কয় টুকরো মাংস খেতে পারবেন?

ডা. প্রদীপ কুমার কর্মকার বলেন, ‘অনেকেই মনে করে ঈদ উপলক্ষ্যে মাংস খেলে কিছুই হবে না। এমনকি এক পর্যায়ে এভাবে সে নির্ধারিত পরিমাণের বেশি মাংস খেয়ে ফেলে এবং অসুস্থ হয়ে হৃদরোগ হাসপাতালে ভর্তি হয়। সুতরাং ঈদের সময় খাবার দাবারের জন্য সবাই যেন সতর্ক থাকে এবং পরিমিত আহারের বিষয়ে খেয়াল রাখে, এই পরামর্শটা আমরা দিয়ে থাকি।’

dhakapost

তিনি আরও বলেন, ‘ঈদুল আজহায় গরুর মাংস এবং খাসির মাংসটাই বেশি খাওয়া হয়। আমরা আমাদের রোগীদেরকে সবসময় এ মাংসগুলো যথাসম্ভব এভোয়েড করার কথা বলি। আর কেউ খেলেও খুবই পরিমিত, একসাথে সর্বোচ্চ এক বা দুই পিস এবং দিনে সর্বোচ্চ তিন-চার পিস। এক্ষেত্রেও আমরা ঝোলটাকে এভোয়েড করতে বলি, কারণ রান্নার পর মাংসের চর্বিটা ঝোলের মধ্যে চলে আসে। এজন্য আমরা জোর দিয়ে বলি কেউ যদি ঈদ উপলক্ষ্যে খেতে চায় এক দুই পিস খেতে পারবে, তবে কোনোভাবেই ঝোল খাওয়া যাবে না।

একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির দিনে কতটুকুর বেশি মাংস খাওয়া উচিত নয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি দিনে সর্বোচ্চ ৮০ থেকে ১০০ গ্রাম মাংস খেতে পারে। এর বেশি খেলেই ঝুঁকির সম্ভাবনা থাকে। আমরা বলি যে, একজন স্বাভাবিক ব্যক্তি চার অংশ কার্বোহাইড্রেট, এক অংশ প্রোটিন এবং এক অংশ ফ্যাট খেতে পারবে। কিন্তু যারা হৃদরোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আরও কম খেতে বলি। সেক্ষেত্রে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ গ্রাম, অর্থাৎ তিন-চার টুকরো খেতে পারবে। কোনোভাবেই এর বেশি খাওয়া যাবে না।

ডায়াবেটিস রোগীদের ‘পোলাও-মিষ্টি’ নিয়েই ভাবতে হবে

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের এন্ডোক্রাইনোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, যারা ডায়াবেটিসের রোগী তারা ঈদে কোরবানির মাংস পরিমাণের বেশি খাবে না। কারণ ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে একটি বড় সমস্যা হলো কোলেস্টরেল, যা লাল মাংসে অতিমাত্রায় থাকে। কেউ যদি খেতে চায় তাহলে সারাদিনে সর্বোচ্চ দুই পিস খেতে পারে। এক্ষেত্রে কোনো ঝোল এবং চর্বি খাওয়া যাবে না। তাছাড়া যাদের ডায়াবেটিসের কারণে কিডনিজনিত সমস্যা আছে, তারাও সারাদিনে এক-দুই পিসের বেশি খাবে না।

তিনি বলেন, যাদের ডায়াবেটিস আছে, তবে রিচফ্যাক্টর নেই, তারা পরিমিতমাত্রায় খেতে পারে। তবে সলিড মাংস খেতে হবে, চর্বি বা ঝোল নয়।

আতিকুর রহমান আরও বলেন, ঈদকে কেন্দ্র করে শুধু গরুর মাংস নয়, প্রচুর পরিমাণ পোলাও খাওয়া হয়। এছাড়া এই সময়টাতে প্রচুর পরিমাণ মিষ্টি খাওয়ারও প্রচলন আছে। সেই সঙ্গে যেহেতু এখন আমের সিজন, এটাও বেশ পরিমাণ খাওয়া হয়। ডায়াবেটিস রোগীদের জন্য মাংস যতটা ঝুঁকিপূর্ণ, মিষ্টি জাতীয় এসব খাবারও ঝুঁকিপূর্ণ।

প্রতিদিন মাংস নয়, দুই-তিন পিসের বেশি নয়

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, মাংস তো কোরবানির ঈদে কিছু খাবেই, তবে মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না। কারণ, গরুর মাংস, খাসির মাংসে এক ধরনের খারাপ চর্বি আছে। কলিজাতেও চর্বি আছে। খাওয়ার পর এই চর্বিটা যদি জমে যায়, তাহলে তো সমস্যার কারণ হতেই পারে। এজন্য ঈদে মাংস খেলেও পরিমাণমতো খেতে হবে।

dhakapost

তিনি বলেন, ঈদে লাল মাংসটা প্রতিদিন নিয়ম করে খাওয়া যাবে না। একদিন খেলেন, এরপর কিছুটা গ্যাপ দিয়ে খেতে হবে। আপনি যদি টানা এক সপ্তাহ খেতেই থাকেন, তাহলে নিশ্চিত আপনি ঝুঁকিতে পড়বেন। ঈদ উপলক্ষ্যে এই মাংসগুলো গ্যাপ দিয়ে সর্বোচ্চ দুই-তিনদিন এক-দুই টুকরা করে খেতে পারেন।

রোবেদ আমিন বলেন, কোরবানির ক্ষেত্রে তো ইসলামিক কিছু নিয়ম আছে, কোরবানির মাংসটা আত্মীয়-স্বজনের মধ্যে ভাগ বণ্টন করতে হয়। ইসলামিক নিয়মটা মানলেই একসঙ্গে আর দীর্ঘদিন মাংসটা খাওয়া হয় না। আর যদি খেতেই হয়, তাহলে ফ্রিজে রেখে গ্যাপ দিয়ে খেতে হবে। পাশাপাশি এই সময়টাতে ডায়াবেটিস এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কি না নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। স্বাভাবিকভাবে আমরা যেমনটা দেখি, দেশের অধিকাংশ মানুষেরই ডায়াবেটিস-হাইপারটেনশন নিয়ন্ত্রণে থাকছে না, ঠিকমতো ওষুধ খাচ্ছে না। এর মধ্যে যদি আবার ঈদ উপলক্ষ্যে মাংসটাও খায় ইচ্ছে মতো, তাহলে সমস্যায় পড়ে যেতে হতে পারে।

স্ট্রোক-হার্ট অ্যাটাক হলে দ্রুত হাসপাতালে যেতে হবে

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বলেন, আমাদের দেশে ইমারজেন্সি সিস্টেমটা এখনো সেভাবে ডেভেলপ করা সম্ভব হয়ে ওঠেনি। এক্ষেত্রে কেউ স্ট্রোক বা হার্ট অ্যাটাক করলে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাহলে রোগীর জন্য লাইভ সেভিং হবে। এক্ষেত্রে প্রয়োজনে আমাদের ইমারজেন্সি কল সেন্টার ৯৯৯ নম্বরের সহযোগিতা নিতে হবে।

তিনি বলেন, হার্ট অ্যাটাক যদি হয় তাহলে তো সিসিইউ যেখানে আছে, সেখানে নিতে হবে। এর বাইরে চিকিৎসা নিয়ে কোনো লাভ নেই। আর স্ট্রোকের জন্য আমাদের নিউরোসায়েন্স হসপিটাল আছে, সেখানে স্ট্রোকের জন্য আলাদা ১০০ বেডের একটা স্ট্রোক ইউনিট আছে। সেখানে যদি স্ট্রোক করার চার থেকে সাড়ে চার ঘণ্টার মধ্যেও নিয়ে যাওয়া যায়, তাহলে একটা ইনজেকশন আছে যেটা দিলে লাইফটা সেফ হয়ে যাবে। কিন্তু ওই সময়ের পরে গেলে তো আর ইনজেকশনটা দেওয়া যায় না বা দিলে কাজও করবে না। এজন্য মানুষকে জানাতে হবে যে আমাদের নিউরোসায়েন্স হসপিটালে এই ব্যবস্থাটা আছে।

‘এছাড়াও অন্যান্য যেসব হাসপাতালে স্ট্রোক ইউনিট আছে, সেগুলোতেও যদি সাড়ে চার ঘণ্টার মধ্যে রোগী পৌঁছাতে পারে তাহলে একটা ভালো ব্যবস্থা আছে, তারা প্যারালাইসিসের আগেই প্রিভেনশন করতে পারবে।’

স্ট্রোক-হার্ট অ্যাটাকের কারণ প্রসঙ্গে ডা. রোবেদ আমিন বলেন, হাইপারটেনশন, ডায়াবেটিস, খাদ্যাভ্যাস, ফিজিক্যাল অ্যাকটিভিটি, এয়ার পলিউশন-এই পাঁচটা রিচফ্যাক্টর কমন। এগুলোকে সব সময় অ্যাড্রেস করতে হবে। বিশেষ করে কারো যদি হাইপারটেনশন থাকে, তাকে সবসময় রক্তচাপের ওষুধ খেয়ে যেতে হবে এবং সবসময় ডাক্তারের ফলোআপে থাকতে হবে। ওষুধের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশনের দিকেও মনোযোগী হতে হবে। তাহলেই কিন্তু স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মাত্রা কমে যাবে।

প্রসঙ্গত, গবেষণায় দেখা গেছে, একজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে ১০০ গ্রাম লাল মাংস খেতে পারেন। কিন্তু যাদের পাকস্থলীতে আলসার রয়েছে তারা লাল মাংস খেলে তাদের রোগ বাড়িয়ে দেয়। তাদের উচিত হবে প্রোটিনের বিকল্প উৎসের দিকেই অধিক মনোযোগী হওয়া। আর কিডনি ফেইলিউরের রোগীরা প্রতিদিন ৩০ গ্রাম প্রোটিন খেতে পারবেন। আর যারা ডায়ালাইসিস করেন তারা পারবেন ৭০ গ্রাম মাংস খেতে। সাধারণত কিডনি রোগীরা লাল মাংস খাবেন কি না, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।

তবে যাদের অপারেশন হয়েছে বা শরীরে কোনো গভীর ক্ষত আছে, তারা ১০০ গ্রামের বেশি লাল মাংস খেতে পারেন। সেক্ষেত্রে গেঁটে বাতের রোগীরা লাল মাংস খাবেন না। লাল মাংস রক্তে ইউরিক এসিডের মাত্রা বাড়িয়ে দেবে। আর যারা হৃদরোগ, উচ্চ রক্তচাপে ভুগছেন বা স্ট্রোকের ঝুঁকিতে আছেন তাদের লাল মাংস এড়িয়ে যাওয়া ভালো। তারা প্রোটিনের জন্য মাছ-মুরগির মাংস খেতে পারেন। আর লিভারের রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাল মাংস খাবেন।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।