খুঁজুন
, ,

৬৬৪ পুলিশ কর্মকর্তার তালিকা পাঠিয়েছে বিএনপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 17 June, 2023, 5:59 am
৬৬৪ পুলিশ কর্মকর্তার তালিকা পাঠিয়েছে বিএনপি

 

বাংলাদেশ পুলিশের অতি উৎসাহী ৬৬৪ কর্মকর্তার প্রাথমিক তালিকা করেছে বিএনপি। এ তালিকা ইতোমধ্যে দেশে এবং বিদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিনিধি বা সংস্থার কাছে পাঠানো হয়েছে।

গুম-খুন, নিপীড়ন, গায়েবি মামলার সঙ্গে জড়িত ও কর্মসূচিতে বাধা দেওয়ার দায়িত্বে রয়েছেন এসব কর্মকর্তা। এছাড়া এ তালিকায় আছেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সুপার (এসপি)। স্থানীয় নেতাদের পাঠানো রিপোর্ট অনুযায়ী এ তালিকা করা হয়েছে। বিএনপির দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বলেন, অতীতে যারা গুম-খুন বা বড় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও এ তালিকায় আনা হবে। নির্দিষ্ট কোনো কারণে এ তালিকা হচ্ছে না বলে জানান তিনি।

তথ্য সংগ্রহ কমিটির সদস্য এবং সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বলেন, মোট ৬৬৪ কর্মকর্তার নাম পাওয়া গেছে। যার মধ্যে ৯৫ জন এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। ইতোমধ্যে তা যেখানে পাঠানো দরকার সেখানে পাঠানো হয়েছে।

দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারে ‘শান্তিপূর্ণ’ কর্মসূচিতে বাধাদানকারী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে ২৩ মে ১৪ সদস্যের একটি ‘তথ্য সংগ্রহ কমিটি’ গঠন করে বিএনপি। এই কমিটি গায়েবি ও মিথ্যা মামলা, গুম-খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগসহ কর্মসূচিতে বাধাদানকারী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে। বিশেষ করে যেসব পুলিশ কর্মকর্তা ওই ‘কর্মকাণ্ডে’ জড়িত তাদের তথ্য-উপাত্ত চেয়ে গত মাসের শেষদিকে বিএনপির সব জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

এরই মধ্যে অধিকাংশ জেলার নেতারা তাদের রিপোর্ট কেন্দ্রে জমা দিয়েছেন। সেই রিপোর্ট থেকে বিএনপির কেন্দ্রীয় সেল পুলিশের ৬৬৪ কর্মকর্তার নামের একটি প্রাথমিক তালিকা করেছে। এতে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপিসহ মোট শতাধিক কর্মকর্তা রয়েছেন। এদের বেশিরভাগ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের। যারা সবাই এখন পদোন্নতি পেয়ে পুলিশের বিভিন্ন বড় পদে কর্মরত আছেন। বাকিরা থানার ওসিসহ নিচের সারির কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য সংগ্রহ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক বিএনপি নেতা জানান, এসব কর্মকর্তা গুম, খুন, হামলা, মামলার সঙ্গে জড়িত আছেন-যার যথাযথ প্রমাণ আমাদের হাতে এসেছে। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পরই এ তালিকা করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব কর্মকর্তা তাদের কৃতকর্মের মাধ্যমে সরাসরি ফৌজদারি অপরাধ সংঘটিত করে মানবাধিকার লঙ্ঘন করেছে, দেশের প্রচলিত আইনসহ পৃথিবীর সব আইনেই তারা দোষী। যেসব পুলিশ কর্মকর্তার নাম পাওয়া গেছে, তারা সবাই কমবেশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, ২০০৯ সাল থেকে ২০২২ পর্যন্ত সারা দেশে দলটির সহস াধিক নেতাকর্মীকে হত্যা ও ৬০০ জনকে গুম করেছে সরকার। নেতাকর্মীর নামে মামলার সংখ্যা প্রায় দেড় লাখ। এসব মামলায় আসামি ৩৬ লাখ। এখনো কারাগারে আটক আছেন ২০ হাজার।

বিএনপি নেতারা জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সময় গুম-খুন, নিপীড়ন, গায়েবি মামলার সঙ্গে জড়িত পুলিশের অধস্তন কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর সেটি ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে। এছাড়া সেটা দলের আর্কাইভেও সংরক্ষণ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় জালিয়াতি ও অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে, সেই ব্যক্তিকে ভিসা দেবে না ওয়াশিংটন। এই নীতির আওতায় থাকবেন বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য। আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এর আওতাভুক্ত হবেন। এছাড়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রকাশে বাধা দিলেও ভিসা পাবে না জড়িত ব্যক্তি।

সূত্র জানায়, ভিসানীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন ও চূড়ান্ত আন্দোলন সামনে রেখে পুলিশের এসব কর্মকর্তাকে চাপে রাখার কৌশল নিয়েছে বিএনপির হাইকমান্ড। এর অংশ হিসাবেই এই তালিকা করা হয়েছে।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।