খুঁজুন
, ,

আইএমএফ আমাদের গুরু নয় : পরিকল্পনামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 15 June, 2023, 3:19 pm
আইএমএফ আমাদের গুরু নয় : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আমাদের গুরু নয়। বিশ্বব্যাংক যেমন ঋণ দেয় তেমনি আইএমএফও ঋণ দেয়।

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বাজেট ২০২৩-২৪: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আইএমএফ আমাদের বাজেট পরিচালনা করে না। বিশ্বব্যাংক, ইসলামিক উন্নয়ন ব্যাংক, কুয়েত ডেভেলপমেন্ট ফান্ড যেমন ঋণ দেয় তেমনি আইএমএফও ঋণ দেয়। তবে আইএমএফ ঋণের সঙ্গে কিছু সলা-পরামর্শ দেয়। আমরা আইএমএফ এর সদস্য রাষ্ট্র। তারা আমাদের ঋণ দিতে বাধ্য। আইএমএফ এর বোর্ড অব অনারে আমরা আছি। তারা যে সব সলা-পরামর্শ দেয় সেগুলো আমাদের থেকে অনুমোদন করা হয়। এর বাইরে তারা আলাদা কন্ডিশন দিতে পারবে না। তাই কেউ যদি মনে করে আইএমএফ এর দ্বারা আমরা আষ্টেপৃষ্ঠে বাঁধা, আইএমএফ বাজেট তৈরি করেছে, এটি সঠিক নয়। এটি আমাদের জন্য অপমানজনক, স্বাধীন বাংলাদেশের জন্য অপমানজনক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অ্যান্ড বাজেট পলিসি রিচার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ। এ ছাড়া, সম্মানিত অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান এম হুমায়ুন কবির।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেটের মধ্যে ভালো ও মন্দ দুটো দিকই আছে। সেটা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আমি বলি শিক্ষাতে আরও বেশি বিনিয়োগ দরকার। কারণ শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ কখনও নষ্ট হবে না, কাজে লাগবে। চাকরিই শিক্ষার উদ্দেশ্য নয়। শিক্ষা তো অন্য বিষয়। শিক্ষা হলো আমাকে সচেতন করার, একজন মানুষ হিসেবে বুঝার ক্ষমতা দান করার হাতিয়ার। তাই এ খাতে আরও বেশি বরাদ্দ দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সে চেষ্টা করছেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. এম আবু ইউসুফ বলেন, শিক্ষা খাতে বরাদ্দের পাশাপাশি বাজেটে ‘গবেষণা ও উন্নয়ন’ নামে আলাদা একটি খাত তৈরিতে জোর দিতে হবে। ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। জিডিপির তুলনায় প্রস্তাবিত বরাদ্দ নেমে এসেছে ১ দশমিক ৭৬ শতাংশে, যেখানে বিগত অর্থবছরে শিক্ষাখাতে মোট বরাদ্দ ছিল জিডিপির ১ দশমিক ৮৩ শতাংশ।

তিনি বলেন, কলম উৎপাদনের ওপরে প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট করা হয়েছে। এ ছাড়াও বিদেশি সফটওয়্যারে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। আবার বিদেশি সফটওয়্যারের ওপর ১৫ শতাংশ ভ্যাটও বসবে। শিক্ষা ও ডিজিটাল খাতে এই প্রস্তাবনা বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই এই প্রস্তাবনা পুনর্বিবেচনা প্রয়োজন।

ড. এম আবু ইউসুফ আরও বলেন, প্রত্যাশা ছিল বাজেটে শিখন ঘাটতি নিয়ে পরিকল্পনা ও দিকনির্দেশনা থাকবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর শিক্ষা ঘাটতি গবেষণা ২০২২ অনুযায়ী, মহামারি কালীন সময়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় স্কুল বন্ধের কারণে শিক্ষা ঘাটতি সবচাইতে বেশি হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে। এই শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শিক্ষা ঘাটতি পর্যালোচনা করলে দেখা যায়, পঞ্চম শ্রেণির ১৬ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজে এবং ১২ দশমিক ৪৯ শতাংশ ইংরেজিতে শিক্ষা ঘাটতির সম্মুখীন হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরেই বড় ধরনের শিখন ঘাটতি হয়েছে। এ ছাড়া আর্থিক সংকটে পড়ে প্রাথমিক ও মাধ্যমিকের অনেক শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ২০২২-এর রিপোর্ট অনুসারে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার ৩৫ দশমিক ৬৬ শতাংশ। এ ক্ষেত্রে শিখন ঘাটতি পূরণে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ যা সর্বাধিক প্রান্তিক শিক্ষার্থীদের জন্য নিবিড় তত্ত্বাবধানের ব্যবস্থা গ্রহণ করবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।