খুঁজুন
, ,

অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েলের  মজুদ আর মাত্র ১০ দিন 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 June, 2023, 2:36 am
অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েলের  মজুদ আর মাত্র ১০ দিন 

 

দেশের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে চলমান জ্বালানি সংকটের কারণে বেড়ে গেছে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। গ্যাস-কয়লার পাশাপাশি এখন সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করছে ফার্নেস অয়েলের বিদ্যুৎকেন্দ্রগুলো, প্রায় ৬ হাজার মেগাওয়াট। সংকটময় পরিস্থিতি সামাল দিতে ফার্নেস অয়েলের প্রতি সরকারের নির্ভরতা বেড়েছে। কিন্তু এর মধ্যেই নতুন উদ্বেগের খবর হচ্ছে- এ মুহূর্তে দেশে ফার্নেস অয়েলের যে মজুদ রয়েছে, তাতে আর মাত্র ১০ দিন চলবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে পাওয়া গেছে এ তথ্য। এর মধ্যে ফার্নেস

আমদানি করা সম্ভব না হলে বিদ্যুৎ উৎপাদন আরও অন্তত ৩ হাজার মেগাওয়াট কমে যাবে। অর্থাৎ লোডশেডিংয়ের চলমান মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। নাম প্রকাশ না করার শর্তে বিপিসির একাধিক কর্মকর্তা এমন শঙ্কার তথ্য জানিয়েছেন।

বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা অবশ্য বলছেন, আতঙ্কের কিছু নেই। ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে চলতি মাসের ২০ তারিখে একটি জাহাজ দেশে আসবে। আরও ২৫ হাজার টন এ মাসের মধ্যেই আনতে উদ্যোগী বিপিসি। কিন্তু দ্বিতীয় জাহাজটি আনার জন্য সরবরাহকারীদের পাওনা টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। সে ক্ষেত্রে ডলার সংকট প্রধান বাধা। অর্থাৎ দ্বিতীয় জাহাজে অয়েল আমদানির বিষয়টি নিশ্চিত নয়।

বিপিসি সূত্রের খবর, গতকাল বুধবার পর্যন্ত তাদের কাছে ফার্নেস অয়েলের মজুদ ছিল ২৮ হাজার ৭০০ টন। গড়ে প্রতিদিনের চাহিদা ৩ হাজার ৩৯০ টন। সেই হিসাবে জোগান রয়েছে আর মাত্র ১০ দিনের। বিপিসির ভাষ্য- নিয়মিত সরবরাহের কার্যাদেশ অনুযায়ী চলতি মাসের ২০ তারিখের মধ্যে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে একটি জাহাজ। পাশাপাশি আরেকটি জাহাজে একই পরিমাণ অয়েল আমদানির চেষ্টাও চলছে।

জ্বালানি সংকটের কারণে দেশে এখন ফার্নেস অয়েলভিত্তিক প্রায় সব বিদ্যুৎকেন্দ্রে চলছে উৎপাদন। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকরা বলছেন, পিডিবির কাছে শুধু ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ বিক্রির বিপরীতে বকেয়া জমেছে ১৮ হাজার কোটি টাকা। অন্যান্য জ্বালানির প্রায় ২৮ হাজার কোটি টাকা। বকেয়ার কারণে তারা আর্থিক সংকটে পড়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে ডলার সংকট। জ্বালানির জন্য তাদেরও ভরসা এখন বিপিসি। বিপিসি বলছে, ২০ জুন ফার্নেস অয়েলবাহী জাহাজ চট্টগ্রামে আসার কথা রয়েছে। ২৫ জুনের আগে নতুন করে আর তেল আসছে না।

এতদিন শুধু সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য পিডিবির কাছে ফার্নেস অয়েল বিক্রি করত বিপিসি। বেসরকারি কেন্দ্রের মালিকরা নিজেরাই ফার্নেস অয়েল আমদানি করতেন। কিন্তু চলমান ডলার সংকটের জেরে তাদের আমদানি কমে গেছে। ২০ জুন বন্দরে জাহাজ ভিড়লেও বিদ্যুৎকেন্দ্রে সেই তেল পৌঁছতে আরও সপ্তাহখানেক লেগে যাবে।

বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) সভাপতি এবং সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান বলেন, বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসারস আইপিপিগুলো অর্থ-সংকটে রয়েছে। পিডিবির কাছে গত ছয় মাসের বিল বাবদ ১৮ হাজার কোটি টাকা বকেয়া হয়েছে। ব্যাংক ইনস্টলমেন্টগুলো নিয়মিত দিতে পারছে না আইপিপিগুলো। এতে জ্বালানি আমদানি ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহেও হিমশিম খেতে হচ্ছে। আইপিপিগুলোর জন্য দ্রুত অর্থছাড়ের দাবি জানিয়ে তিনি বলেন, ফার্নেস অয়েল আমদানি এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। একদিকে এলসি খোলার জন্য আইপিপিগুলোর হাতে নগদ টাকা নেই। অন্যদিকে এলসি খুললেও এসব এলসি নিষ্পত্তির জন্য পর্যাপ্ত ডলার পাওয়া যাচ্ছে না।

বিআইপিপিএর সাবেক সভাপতি ইমরান করিম বলেন, সরকার যদি রেশনিং করে বিদ্যুৎ উৎপাদন করে তা হলে বেসরকারিভাবে আমদানিকৃত ফার্নেস অয়েলের যে মজুদ রয়েছে, তা দিয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। আর যদি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপন্ন করতে হয় তা হলে এ মজুদ দিয়ে সর্বোচ্চ ১০-১২ দিন চলবে। তিনি জানান, বেসরকারি উদ্যোগে নতুন জাহাজ আসার কথা রয়েছে জুলাইয়ের প্রথম দিকে।

বিপিসির সূত্র জানিয়েছে, ফার্নেস অয়েল ছাড়াও এলসি খোলার সমস্যার কারণে আমদানি ব্যাহত হওয়ায় অন্যান্য ধরনের জ্বালানির মজুদও হ্রাস পাচ্ছে। ব্যাংকগুলোতে ডলারের দাম বাজারদরের চেয়ে কম হওয়ায় তারা ঘোষিত দরে বিপিসির জন্য আমদানি এলসি খুলতে অনীহা প্রকাশ করছে। চলমান ডলার সংকটকালে সরকার নির্ধারিত হারে অন্য ব্যাংকগুলো যাতে বিপিসিকে বৈদেশিক মুদ্রা দিয়ে সহায়তা করে এ জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তাও চাওয়া হয়েছে।

চলতি বছর সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস অয়েল সরবরাহের জন্য বিপিসিকে ৭ লাখ ৬৫ হাজার টনের চাহিদা দেয় পিডিবি। এর মধ্যে জানুয়ারি মাসে ৫৩ হাজার ৫০০ টনের বিপরীতে ৬৯ হাজার ৮৯৭ টন এবং ফেব্রুয়ারিতে ৪৩ হাজার ৩০০ টনের বিপরীতে ৫৪ হাজার ৪০৬ টন ফার্নেস অয়েল নেয় পিডিবি। অর্থাৎ উল্লিখিত দুই মাসে ২৭ হাজার ৫০৩ টন বেশি নিয়েছে। এর পর ২৩ মার্চ পিডিবিকে নতুন করে চিঠি দিয়ে আগের দুই মাসের সরবরাহকৃত চাহিদার অবশিষ্ট ৬ লাখ ৪০ হাজার টনের পাশাপাশি অতিরিক্ত আরও ২ লাখ ৮০ হাজার টনসহ মোট ৯ লাখ ২০ হাজার টন ফার্নেস অয়েলের চাহিদা দেয় পিডিবি। এর মধ্যে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৭ মাসে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের (আইপিপি) জন্য ২ লাখ ৮০ হাজার টন ফার্নেস অয়েল সরবরাহের চাহিদা দেওয়া হয়।

এতে আইপিপিগুলোর জন্য এপ্রিলে ৭৫ হাজার টন, মে মাসে ৫৫ হাজার টন, জুনে ৫৫ হাজার টন, জুলাইয়ে ৪৫ হাজার টন, আগস্টে ১৫ হাজার টন, সেপ্টেম্বরে ২০ হাজার টন এবং অক্টোবরে ১৫ হাজার টন ফার্নেস অয়েলের চাহিদা দেওয়া হয়। পাশাপাশি এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ৬ লাখ ৪০ হাজার টন ফার্নেস অয়েল সরবরাহের জন্য বিপিসিকে অনুরোধ করে পিডিবি।

পিডিবির চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে পিডিবির চুক্তি অনুযায়ী নিজেদের আমদানির পাশাপাশি ১০-২০ শতাংশ ফার্নেস অয়েল বিপিসি থেকে নিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে থাকেন। ওই শর্ত অনুযায়ী, ১০ শতাংশ ফার্নেস অয়েল বিপিসি থেকে সরবরাহের প্রয়োজন হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপট, বাংলাদেশে ডলারের সংকট এবং এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর এলসি খোলায় অনীহার কারণে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো নিজ দায়িত্বে ফার্নেস অয়েল আমদানি করতে পারছে না। তাই বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি সংকটের বিষয়টি পুনর্বিবেচনা করে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাসওয়ারি চাহিদা অনুযায়ী ফার্নেস অয়েল সরবরাহের জন্য বিপিসিকে অনুরোধ করা হয় চিঠিতে।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।