খুঁজুন
, ,

রাজনীতিতে গতি আসলো আলোচনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 7 June, 2023, 1:55 am
রাজনীতিতে গতি আসলো আলোচনার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, ভোটের আলোচনা ততই গতি পাচ্ছে। রাজনৈতিক দল ও সুশীল সমাজ পেরিয়ে সেই আলোচনা পৌঁছেছে ‘কূটনীতিকপাড়া’ পর্যন্তও। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কূটনীতিকদের তৎপরতাও এখন দৃশ্যমান। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন; জানতে চাচ্ছেন আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা। এ ছাড়া আগামী মাসে ঢাকায় আসছে ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। সব কিছু মিলিয়ে রাজনীতিতে বিবদমান দলগুলোর ‘অনড়তা’ ভাঙার একটা চেষ্টা দৃশ্যমান হতে শুরু করেছে।

বিএনপিসহ কিছু রাজনৈতিক দল বলছে, আওয়ামী লীগের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ভাষ্যÑ সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এমন সংকট থেকে উত্তরণে বড় দলগুলোর মধ্যে আলোচনা চাচ্ছেন কূটনীতিকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক রাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করেছে।
যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছেÑ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের সবার প্রচেষ্টায় তারা অংশীদার হতে চায়। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপেও ভূমিকা রাখতে চায় তারা। অন্যদিকে গত সোমবার বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থানে অবিচল রয়েছে বলে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি।
২৪ মে মার্কিন ভিসানীতি ঘোষণার পর থেকে রাষ্ট্রদূত দূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এবং প্রধানমন্ত্রী মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠক করেন। তারও আগে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপি এবং সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রতিনিধিদের নিয়ে এক টেবিলে বসে মতবিনিময় করেন।
সম্প্রতি পিটার হাস প্রায় প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন; জানতে চাচ্ছেন আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা।
গতকাল মঙ্গলবার সবচেয়ে ব্যস্ত দিন পার করেন পিটার হাস। দুপুরে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও
বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় বৈঠকে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোয়া ঘণ্টাব্যাপী আলোচনার প্রায় পুরোটাই ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।
সূত্র জানায়, মির্জা ফখরুল পিটার হাসকে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিএনপি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক চিত্র তুলে ধরার পর ক্ষমতাসীন সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও স্পষ্ট করা হয়। মির্জা ফখরুল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং বাংলাদেশের ওপর মার্কিন ভিসা বিধিনিষেধ নিয়ে আলোচনা করেন। আলাপকালে বিএনপি নেতা বলেন, আগামী নির্বাচন নিয়ে দলের অবস্থান খুবই স্পষ্ট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করেই তা আবারও জানানো হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার গুলশানের অফিসে এই বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর স্কট ব্রেনডন উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই বৈঠকে রাজনীতি, অর্থনীতি, মানবাধিকারসহ বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে; কথা হয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশবিষয়ক নতুন ভিসানীতি নিয়েও। বাংলাদেশের শ্রম আইনের সংশোধন-সংযোজন এবং পরিমার্জনের বিষয়টিও আলোচনায় এসেছে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার পরিস্থিতি; বিশেষ করে আগামী নির্বাচন এবং বিদ্যমান শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে।
গত রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক হয়। একটি সূত্র জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কেমন হবেÑ বৈঠকে তা জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। জাতীয় পার্টি কোনো জোটে যাবে কিনা, সে জিজ্ঞাসাও ছিল পিটার হাসের।
আগামী ৮ জুলাই ১৩ দিনের মিশনে ঢাকায় আসবে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচনপূর্ব পর্যবেক্ষক দল। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের বসার কথা রয়েছে। জানা গেছে, তাদের প্রতিবেদনের ভিত্তিতেই ইইউ সিদ্ধান্ত নেবে, তারা আগামী নির্বাচনে পর্যবক্ষেক পাঠাবে কিনা।
অন্যদিকে বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি রাজনৈতিক সংকট কাটাতে আলোচনাকেই যে গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস, রাজনৈতিক দলগুলো জানে, নির্বাচনে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। কোন দল অংশ নেবে, তা একান্তই তাদের পছন্দের বিষয়। তবে পরস্পরের প্রতি যদি কোনো অবিশ্বাস থাকে, তবে সংলাপে বসা যেতে পারে।’ ইইউর ঢাকা প্রধান বলেন, জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হবে বলেই প্রত্যাশা তাদের।
এদিকে গতকাল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু জানিয়েছেন, জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে বৈঠক হতে পারে। তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের জন্য আলোচনার দরজা সবসময় খোলা।

 

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।