খুঁজুন
, ,

মেসির গোলে পিএসজির ১১তম লিগ শিরোপা জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 May, 2023, 4:57 am
মেসির গোলে পিএসজির ১১তম লিগ শিরোপা জয়

টানা দ্বিতীয় ও সব মিলিয়ে একাদশ লিগ ওয়ান শিরোপা ঘরে তুলল প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। শিরোপা নিশ্চিত করতে পিএসজির দরকার ছিল একটি পয়েন্ট। তাই স্ত্রাসবুর্গের বিপক্ষে ড্র করলেই চলত। শেষ পর্যন্ত তা-ই হলো। স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে শেষ রাউন্ডের আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলল মেসির দল। শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি লিগ ওয়ানে রেকর্ডও গড়লো পিএসজি।

শনিবার (২৭ মে) রাতে স্ট্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ৫৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৭৯ মিনিটে কেভিন গামেইরোর গোলে ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের দখলে বল থাকলেও সেভাবে সুযোগ সৃষ্টি করতে পারেনি পিএসজি। তবে মাত্র ৩৪ শতাংশ সময় বল পায়ে পেয়েই গোলের লক্ষ্য বরাবর ৫ বার শট নিয়েছিল স্ত্রাসবুর্গ। যদিও তারা মাত্র একবারই সফল হতে পেরেছে।

এদিন, ম্যাচের দশম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ পান কিলিয়ান এমবাপে। তবে জায়গা ছেড়ে বেরিয়ে এসে তার পা থেকে বল কেড়ে নিয়ে কোনো বিপদ হতে দেননি স্ত্রাসবুর্গ গোলরক্ষক মাটস সেলস।

বিপরীতে ভালোই পাল্লা দিয়েছে স্ত্রাসবুর্গ। ১৫তম মিনিটে বিতিশিয়াবুর দুর্বল ব‍্যাকপাসে দারুণ এক সুযোগ পেয়ে যায় স্ত্রাসবুর্গ। গোলের জন‍্য শট নেন হাবিব দিয়ালো। তবে গোললাইন থেকে বল ফিরিয়ে পিএসজির ত্রাতা বনে যান সের্হিও রামোস। ৩৮তম মিনিটে দিয়ালোর আরো একটি শট বৃথা যায় গোল পোস্টে লেগে। আক্রমণ প্রতি আক্রমণে গোল পায়নি কোন পক্ষই। তাই গোলশূণ্য থেকে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিল না পিএসজি। আবার আক্রমণাত্মক ফুটবল খেলা স্ত্রাসবুর্গও পারছিল না পিএসজির জমাটরক্ষণ ভাঙতে। শেষ পর্যন্ত ৫৯তম মিনিটে গোলমুখ খোলেন লিওনেল মেসি। এমবাপের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথার শটে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক। চলতি আসরে এটি তার ১৬তম গোল।

এদিকে, পিএসজি শিবিরে একের পর এক আক্রমণ করে যাওয়া স্ত্রাসবুর্গ সমতায় ফেরেন ৭৯তম মিনিটে। মর্গান সানসনের শট দোনারুম্মা ঝাঁপিয়ে ঠেকালেও কাছে দাঁড়িয়ে থাকা পিএসজিরই ঘরের ছেলে কেভিন গামেইরো সহজেই বল জালে পাঠান। পিএসজির শিরোপা নিশ্চিত করার পথে অবশ্য সেটি কোনো বাধা হয়নি। ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টই পিএসজিকে এনে দিয়েছে আরেকটি লিগ শিরোপা।

এই জয়ের পর ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৮৫। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট সমান ম্যাচে ৮১। হাতে থাকা এক ম্যাচ দিয়ে পিএসজিকে আর ছোঁয়া সম্ভব হবে না লাঁসের। তাই এক ম্যাচ হাতে রেখেই লিগ জয় নিশ্চিত করল ক্রিস্তফ গালতিয়েরের দল।

ক্লেমর ফুতের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচের পর শিরোপা উৎসব করবে পিএসজি।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।