খুঁজুন
, ,

ঢাকা-বেইজিং বৈঠকে আলোচনায় যেসব বিষয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 May, 2023, 4:30 am
ঢাকা-বেইজিং বৈঠকে আলোচনায় যেসব বিষয়

আজ (শনিবার) ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের সামগ্রিক বিষয় ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে।

এ ক্ষেত্রে কিছু রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের অধীনে মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার সান ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

এফওসিতে নেতৃত্ব দেয়ার জন্য চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং একটি প্রতিনিধিদল নিয়ে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক তৌ‌ফিক হাসান এবং ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানান।

এফওসিতে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আলোচনায় অনেক কিছু আসতে পারে। দ্বিপাক্ষিক সব ইস্যু থাকবে। আঞ্চলিক ইস্যুও আসবে। আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলো কোন অবস্থায় আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। চলমান বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। দুই দেশের রাজনৈতিক পর্যায়ে সফর বিনিময়ের প্রসঙ্গও আলোচনায় আসবে।

আলোচনায় রোহিঙ্গাদের পাইলট প্রকল্পের অধীনে প্রত্যাবাসনে বিশেষ গুরুত্বের কথা জানান এ কর্মকর্তা।

তিনি বলেন, ত্রিপক্ষীয় উদ্যোগে মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে মূল আলোচনা হবে। নির্বাচনের আগে কিছু রোহিঙ্গা পাঠানো দরকার। প্রসেসটা আমরা শুরু করতে চাই।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের সামগ্রিক বিষয় নিয়ে হতে যাওয়া সভায় থাকছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) ঢাকার যুক্ত হওয়ার প্রসঙ্গ। বেইজিংয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত বিস্তর আলোচনা ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে জোর দেয়া হবে। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু আলোচনায় থাকছেই।

চীনের ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে যাবেন চীনের ভাইস মিনিস্টার এবং তার সঙ্গে থাকা প্রতিনিধিদল।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।