খুঁজুন
, ,

আগামী বছর ২ হাজার কোটি টাকা ভূমি কর বাবদ রাজস্ব আদায় সম্ভব হবে: ভূমিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 24 May, 2023, 2:27 pm
আগামী বছর ২ হাজার কোটি টাকা ভূমি কর বাবদ রাজস্ব আদায় সম্ভব হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আশাপ্রকাশ করেছেন আগামী বছর থেকে প্রায় ভূমি উন্নয়ন কর বাবদ ২ হাজার কোটি টাকা রাজস্ব হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়া সম্ভব হবে। এই অর্থের পরিমাণ ডিজিটাল ভূমি উন্নয়ন কর সিস্টেম স্থাপনের পূর্বে ভূমি কর বাবদ আদায়কৃত অর্থের প্রায় তিনগুণ বা ২০০ শতাংশেরও বেশি।

বুধবার (২৪ মে) বেসরকারি নীতি গবেষণা সংস্থা (থিংক ট্যাংক) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর উদ্যোগে রাজধানীর গুলশানে অবস্থিত এক হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে সম্পত্তি কর ব্যবস্থার পরিধি ও অবস্থা’ বিষয়ক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই আশাপ্রকাশ করেন।

উল্লেখ্য, শতভাগ ম্যানুয়াল কর ব্যবস্থায় ২০১৯-২০২০ সালে ভূমি উন্নয়ন কর আদায় হয় প্রায় ৬২১ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা উদ্বোধন করার পর সারা দেশে অনলাইন এলডি ট্যাক্স সিস্টেম রোল-আউটের সময়ে অর্থাৎ ২০২১-২০২২ সালে আদায় হয়েছে প্রায় ৮৬৭ কোটি টাকা। অর্থাৎ, মোট করের প্রায় ৩০ শতাংশ ভূমি উন্নয়ন কর অনলাইনে আদাইয়েই কর বেড়েছে প্রায় ২৫০ কোটি টাকা।

এই সময় এসময় ভূমিমন্ত্রী আরও জানান, গত ১৪ এপ্রিল ২০২৩ থেকে শতভাগ ক্যাশলেস সিস্টেম স্থাপনের মাধ্যমে সারা দেশে এখন প্রায় শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় হচ্ছে অনলাইনে এবং এই এক মাসেই আদায় হয়েছে ৩২৫ কোটি টাকা।

ভূমিমন্ত্রী আরও বলেন, ভূমিকর ব্যবস্থাকে আধুনিক করে গড়ে তোলার জন্য ভূমি উন্নয়ন কর আইনের খসড়া ইতোমধ্যে মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। খুব দ্রুত এই খসড়া জাতীয় সংসদে আইন প্রণয়নের জন্য পাঠানো হবে বলে তিনি জানান।

তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনার কথা মাথায় রেখে ভূমি উন্নয়ন কর পরিশোধের বর্ষ দেশে প্রচলিত অর্থবছরে (জুন-জুলাই) করার প্রস্তাব করা হয়েছে খসড়া আইনে।

এসময় স্বাধীন বাংলার প্রথম ভূমি সংস্কারক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মাথায় রেখেই ভূমি করের হার নির্ধারণ করা হয় আমাদের দেশে, এজন্য সর্বনিম্ন ভূমি করের হারের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

মন্ত্রী এসময় বলেন দেশের, অর্থনৈতিক উন্নয়নে কর-জিডিপি (মোট দেশজ উৎপাদন) অনুপাত বাড়ানোর জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স সহ অন্যান্য ডিরেক্ট ট্যাক্স বাড়াতে হবে। এ ব্যাপারে সরকার কাজ করছে। ভ্যাট (মূল্য সংযোজন কর) দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে মন্ত্রী এসময় মতপ্রকাশ করেন। তিনি এসময় আরও মতপ্রকাশ করেন যে বৈশ্বিক মহামারী, মন্দা ও বিভিন্ন অঞ্চলে যুদ্ধের পরও বাংলাদেশ অর্থনীতি স্থিতিশীল রয়েছে মূলত দেশে ধারাবাহিক সরকার থাকার কারণে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ‘বাংলাদেশে সম্পত্তি কর ব্যবস্থার পরিধি ও অবস্থা’ শীর্ষক গবেষণা সমীক্ষা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তার দলের গবেষণায় প্রস্তাবিত সংস্কারের জন্য তিনটি নীতি চিহ্নিত করা হয়েছে: সমতা, দক্ষতা এবং স্বচ্ছতা। এই গবেষণায় বাংলাদেশের সম্পত্তি কর পাঁচটি মাত্রার মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে: করের মূলভিত্তি, অব্যাহতি, মূল্যায়ন, হার এবং প্রশাসন। সমীক্ষায় যেসব পদক্ষেপগুলো সুপারিশ করা হয়েছে তা হচ্ছে: কর ফাঁকি রোধ, সঠিক মূল্যায়ন নিশ্চিত করা, ধীরে ধীরে করের হার যৌক্তিক করা, কর প্রশাসনকে শক্তিশালী করা, ডিজিটাইজেশন এবং তথ্য ব্যবস্থা প্রক্রিয়াগুলি বাস্তবায়ন করা, তথ্য প্রচারের কার্যকর করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রবর্তন করা, উপহার করের বিদ্যমান বিধানগুলি সংস্কার করা, হেবাকে উপহার করের আওতায় আনা এবং সম্পত্তি কর উত্তরাধিকার কর প্রবর্তন করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের হেড অব কো-অপারেশন মোরিজিও সিয়ান সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান হাবিব মনসুর এবং স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানির পার্টনার স্নেহাশিস বড়ুয়া এফসিএ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।

প্যানেল বিশেষজ্ঞগণ নতুন ধরণের কর তৈরি করার চেয়ে বিদ্যমান কর ব্যবস্থাতেই দক্ষতা বৃদ্ধি করে রাজস্ব বৃদ্ধি করা, কর ব্যবস্থা সাধারণ মানুষের জন্য সহজ ও বোধগম্য করা, ভূমি নিবন্ধন ব্যবস্থাকে ভূমির অন্যান্য সেবা প্রদানকারী একই মন্ত্রণালয়রে আওতাভুক্ত করা, ভিন্ন-ভিন্ন সরকারি সেবাদানকারী দপ্তরের ডাটাবেজের মধ্যে আন্তঃপরিচালনযোগ্যতা নিশ্চিত করা এবং কর বিষয়ক নাগরিক সচেতনতা বৃদ্ধি করার উপর জোর দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব।

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।