মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ভিটিহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, জাহেদ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার রাতে জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, জাহেদ মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সমর্থক ছিলেন। তাঁর স্ত্রী বেবী বেগমের দাবি, প্রতিপক্ষের প্রধান অভিযুক্ত ফরিদ হোসেন ও তাঁর সহযোগীদের সঙ্গে জাহেদের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ছিল। সরকার পরিবর্তনের পর স্থানীয় রাজনৈতিক অবস্থান নিয়ে বিরোধ আরও জটিল হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া শুক্রবার ভিটিহোগলা গ্রামের একটি মাজারের ওরস আয়োজনকে কেন্দ্র করেও স্থানীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল বলে ধারণা করছে নিহতের পরিবার। তবে এসব বিরোধের কোনটি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাবা হত্যার বিচার দাবি করে নিহতের বড় মেয়ে ফারিয়া আক্তার জানান, তাঁর তিন বোনের সামনেই বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় তাঁর প্রতিবন্ধী বোন মারিয়া ও ছোট বোন ইমাও উপস্থিত ছিল। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের বিষয়টি সামনে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে একাধিক দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
ওসি আরও জানান, ঘটনায় প্রধান অভিযুক্ত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন