র্যাব বিলুপ্ত, ‘এসআরবি’ নামে নতুন যাত্রা শুরু
দীর্ঘদিনের আলোচনা ও বিতর্কের পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নামে কার্যক্রম পরিচালনা করছে ইউনিটটি। বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এসআরবি নামে গেজেট প্রকাশের পর র্যাবের পরিবর্তে নতুন নামেই কার্যক্রম শুরু হয়েছে।
নতুন নাম চালুর সঙ্গে বাহিনীর লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন দাপ্তরিক নথি ও সংবাদ বিজ্ঞপ্তিতে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হচ্ছে। তবে নতুন লোগোটির মূল নকশায় বড় ধরনের পরিবর্তন করা হয়নি।
এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হয়। পরবর্তী সময়ে আইনটির প্রজ্ঞাপন জারি করে কার্যকর করা হয়। নতুন আইনের আওতায় পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি পরিচালিত হবে।
আইনে র্যাবের জনবল, সম্পদ, তহবিল, দায়-দায়িত্ব, চুক্তি, নথিপত্র, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান কিছু বিধি ও চলমান কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থাও আইনে রয়েছে।
নতুন আইনের কাঠামো অনুযায়ী এসআরবি পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। ইউনিটটির মহাপরিচালক হিসেবে বাংলাদেশ পুলিশের অন্তত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার বিধান রাখা হয়েছে।
২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বাহিনীটি বিভিন্ন অভিযানে অংশ নেয়। একই সঙ্গে সময়ের সঙ্গে বাহিনীটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগও ওঠে। ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর র্যাব বিলুপ্তির দাবিও জোরালো হয়। এরই ধারাবাহিকতায় বিদ্যমান র্যাব কাঠামো বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন আইনি কাঠামোয় এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
তবে নতুন ইউনিট গঠনের সময় র্যাবের জনবল ও সম্পদের বড় অংশ হস্তান্তরের বিধান নিয়ে সংসদে বিরোধী দলের আপত্তিও ছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ এবং একটি আধুনিক, পেশাদার ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট পরিচালনার লক্ষ্যেই নতুন কাঠামো করা হয়েছে।
ইতি/

আপনার মতামত লিখুন