আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন নদীতে প্রাণীটির সন্ধান পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর মাঝখান থেকে তিমিটিকে তীরে নিয়ে আসা হয়। কয়েক দিন আগে প্রাণীটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে এর শরীরে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটি উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, মৃত তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট। এর ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে।
পটুয়াখালী বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিমিটির শরীর পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশের ক্ষতি এড়াতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রাণীটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটি কোন প্রজাতির এবং কী কারণে মারা গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তিমিটির মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি নদীতে কীভাবে প্রাণীটি এসে পৌঁছেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ইতি/

আপনার মতামত লিখুন