ফেব্রিকের রোলে লুকানো ১,৬৫৫ মোবাইল, শাহজালাল বিমানবন্দরে জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের চালানের আড়ালে লুকিয়ে আনা ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস। জব্দ করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় চালানটি পরীক্ষা-নিরীক্ষার সময় মোবাইল ফোনের এই চালান শনাক্ত হয়। অভিযানে কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, চালানটি গত ৩১ আগস্ট হংকং থেকে আরএইচ-৬৬৫১ ফ্লাইটে ঢাকায় আসে। ২০টি প্যাকেজে চালানটির ওজন ছিল প্রায় ৮৯৫ কেজি। নথিপত্রে পণ্যের বিবরণ হিসেবে গার্মেন্টস ফেব্রিক বা ‘নিট ফেব্রিকস’ উল্লেখ করা হয়েছিল।
কার্গো স্ক্যান ও কায়িক পরীক্ষার সময় কর্মকর্তাদের সন্দেহ হলে ফেব্রিকের রোলগুলো খুলে তল্লাশি করা হয়। তখন রোলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়। পরে গণনা করে মোট ১ হাজার ৬৫৫টি হ্যান্ডসেট জব্দ করা হয়।
জব্দ করা ফোনের মধ্যে ৪৫০টি রেডমি ১৪সি, ১৫০টি রেডমি ১৫সি এবং পুরোনো আইফোনসহ বিভিন্ন চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি হ্যান্ডসেট রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কাস্টমসের নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক হিসেবে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের নাম রয়েছে। রপ্তানিকারক হিসেবে চীনের ঝেজিয়াং শাওশিং সিনহুয়া নিটিং কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, পণ্যের ভুল ঘোষণা দিয়ে মোবাইল ফোন আমদানি করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন। ফোনগুলোর প্রকৃত আমদানি মূল্য, মডেল ও আইএমইআই নম্বর যাচাইয়ের পাশাপাশি সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণও নির্ধারণ করা হচ্ছে।
একই সঙ্গে চালানটির প্রকৃত সুবিধাভোগী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতি/

আপনার মতামত লিখুন