ঢাকায় গ্রেপ্তার পল্লবকে নিয়ে সিলেটের পথে বিয়ানীবাজার পুলিশ
রাজধানী ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছে পুলিশের একটি দল।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।
এর আগে শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পল্লবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানা পুলিশ। সে সময় তিনি এভারকেয়ার হাসপাতালে একজন রোগীকে দেখতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিয়ানীবাজারসহ সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে চারটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, পল্লবকে নিয়ে পুলিশের দল সিলেটের উদ্দেশে রওনা হয়েছে। তবে তাকে কখন আদালতে হাজির করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি। পুলিশের পক্ষ থেকে ধারণা করা হয়েছিল, পরদিন তাকে আদালতে হাজির করা হতে পারে।
ইতি/

আপনার মতামত লিখুন