খুঁজুন
, ,

দেশে ফিরে যা করছেন ৩০০ যুবক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 16 May, 2023, 12:18 pm
দেশে ফিরে যা করছেন ৩০০ যুবক

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় বন্দীদশা ও মাফিয়াদের হাতে আটক প্রায় ৩০০ যুবককে দেশে ফিরিয়ে এনেছে মাদারীপুরের জেলা প্রশাসন। এরইমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহায়তায় তাদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রা।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালীর বাসিন্দা আরিফুর ইসলাম। দালালের মাধ্যমে ১৪ লাখ টাকা দিয়ে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় তিনি লিবিয়ায় আটক হন। ২১ দিন জেলে থাকার পর জেলা প্রশাসনের সহায়তায় দেশে ফেরেন। বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে চরমুগরিয়া এলাকায় কম্পিউটারের দোকান দিয়ে আয় করে সংসার চালাচ্ছেন।

আরেক ভুক্তভোগী সদর উপজেলার মধ্য খাগদীর রকিব হোসেন। লিবিয়ার মাফিয়াদের হাতে ৭ মাস নির্যাতনের শিকার হন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে দেশে ফেরেন। এখন ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণ নিচ্ছেন, সেখান থেকেই আয়ের স্বপ্ন দেখছেন তিনি।

জেলা প্রশাসনের তথ্যমতে, গত তিন বছরে অবৈধপথে বিদেশ পাড়ি দিয়েছেন মাদারীপুরের ৩ হাজার ১৪৮ জন। তাদের মধ্যে লিবিয়ায় মাফিয়াদের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হয়েছেন কয়েকশ। জেলখানায় বন্দী ছিলেন ১২৭ যুবক এবং সাগরে ডুবে মারা যান ২৫ জন। তবে বেসরকারি হিসেবে এর সংখ্যা আরও বেশি।

ভুক্তভোগী আরিফুর ইসলাম বলেন, ‘দালালদের লাখ লাখ টাকা দিয়েও বিদেশে যেতে পারিনি। লিবিয়ায় আটকের পর জেলাখানায় বন্দী ছিলাম। পরে সরকারের মাধ্যমে দেশে ফেরত এসে সরকারিভাবে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছি। এখন দোকান দিয়ে ব্যবসা করছি, বেশ ভালোই আছি। সবাইকে বলব কেউ অবৈধভাবে দালালদের মাধ্যমে বিদেশ যাবেন না। তাহলে আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।’

আরেক ভুক্তভোগী রকিব হোসেন বলেন, ‘আমি লিবিয়ার জেলখানায় ৭ মাস বন্দী ছিলাম। পরে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় দেশে ফেরত আসি। এরপরে ভর্তি হই ফ্রিল্যান্সিং কোর্সে। এখান থেকে বৈদেশিক মুদ্রা আয় করে সংসার চালাব। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করছেন।’

মাদারীপুর সদরের ইউএনও মো. মাইনউদ্দিন বলেন, মানবপাচার ও অবৈধপথে বিদেশযাত্রা রোধে যুবক-যুবতীদের কম্পিউটার, ফ্রিল্যান্সিং, মার্কেটিংসহ দেওয়া হচ্ছে নানা প্রশিক্ষণ। এতে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারছেন। পাশাপাশি অবৈধভাবে বিদেশযাত্রাও রোধ হচ্ছে।

মাদারীপুরের রাজৈরের ইউএনও মো. আনিসুজ্জামান বলেন, প্রশাসন থেকে সবসময় বৈধভাবে বিদেশে যেতে বলা হয়। যারা অবৈধভাবে বিদেশ যেতে চায়, তাদের অধিকাংশ দালালদের মাধ্যমে নিঃস্ব হয়ে দেশে ফেরত আছেন। তাই সঠিক পরামর্শ নিয়ে কেউ বৈধভাবে বিদেশে গেলে কোনো অসুবিধা বা ক্ষতিগ্রস্ত হবেন না।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মানবপাচার রোধে বিভিন্নস্থানে সভা, সমাবেশ ও র‌্যালিসহ নানা প্রচারণা চালাচ্ছে পুলিশ। এলাকার জনপ্রতিনিধিরা সচেতন হলে অবৈধভাবে বিদেশযাত্রা অনেকাংশেই কমে আসবে। জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা দালালচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান।

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 7:24 pm
ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু ও তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শামছুর রহমান টিপুর বয়স ৬২ বছর। তিনি ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ছেলে ৩২ বছর বয়সী শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাবা-ছেলে নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। তাঁদের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

 

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্যের গ্রেপ্তারের ঘটনায় কোম্পানীগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনায় এসেছে।

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।