খুঁজুন
, ,

গত ১৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে: ডিসিসিআই সভাপতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 20 January, 2024, 10:49 am
গত ১৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে: ডিসিসিআই সভাপতি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেন, গত ১৫ বছরে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। অর্থনৈতিক উন্নয়নে দারিদ্র্য কমে গেছে। কৃষিনির্ভর দেশ থেকে আমরা শিল্প ও সেবাখাত নির্ভর হয়েছি। এখন তৈরি পোশাক খাতের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ করতে হবে।

শনিবার ডিসিসিআই আয়োজিত দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং ২০২৪ সালে ডিসিসিআইর বর্ষব্যাপী কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এখন উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভে অস্থিতিশীলতা, এলসি খোলার জন্য ডলারের অপর্যাপ্ততা, গ্যাস সংকটসহ কিছু সমস্যা আছে। তবে এগুলো সব-ই সমাধান সম্ভব।

তিনি বলেন, আমরা সব ওভারকাম করতে পারব। সে সক্ষমতাও আমাদের আছে। কোনো কাজে চ্যালেঞ্জ থাকবে না, এমন দুনিয়াতে হয় না। বারবার বাংলাদেশ এসব সমস্যার সমাধান করেছে, এটা প্রমাণিত সত্য।

আশরাফ আহমেদ বলেন, আগামী এক দশকে আমরা বিশ্বের ২০টি বড় অর্থনীতির দেশে পৌঁছাতে যাচ্ছি। এখন আমাদের গ্রোথ ১০ এ নেমেছে, কিন্তু চীনসহ অনেক দেশের গ্রোথ পাঁচ শতাংশের নিচে। আমাদের গ্রোথের সব ফান্ডামেন্টাল ভালো আছে, কিছু ক্ষুণ্ন হয়নি। প্রবৃদ্ধির ধারা অব্যাহত।

তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ আছে। তবে সেটা বড় বিষয় নয়। আমাদের অর্থনৈতিক গ্রোথ চেঞ্জ করার মতো কোনো ফান্ডামেন্টালের পরিবর্তন হয়নি। সব ঠিক আছে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা আমাদের আগেও হয়েছে। সেটা আমরা ওভারকাম করেছি। আর বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) যে মূল্যস্ফীতির তথ্য দিচ্ছে সেটা নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনায়। পরিস্থিতি এতটা খারাপ না।

তিনি বলেন, মূল্যস্ফীতি সবাইকে পীড়া দেয় সত্য। তবে এটা সারাবিশ্বে প্রভাব ফেলেছে। আমাদের মূল্যস্ফীতি ছয় শতাংশ থেকে ১০ শতাংশ হয়েছে। কিন্তু বাকি দুনিয়ার তুলনায় সেটা অনেক ভালো অবস্থা।

রিজার্ভ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আড়াই মাসের মজুত রিজার্ভ প্রয়োজন। সেখানে সাড়ে তিন মাসের রিজার্ভ মজুত রয়েছে।

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তাদের লোন পাওয়াটা সহজ করতে হবে। এছাড়া এসব খাতে দক্ষ মানুষের অভাব। শিক্ষাব্যবস্থার পরিবর্তন এনে তা পূরণ করতে হবে।

আশরাফ আহমেদ বলেন, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে হবে। সেজন্য কঠিনভাবে কাজ করতে হবে। অনেক আইনের পরিবর্তন ও সংযোজন প্রয়োজন। অন্যদিকে বৈশ্বিক বাজার থেকে আমাদের যে পরিমাণ ব্যবসা পাওয়ার সুযোগ রয়েছে, আমরা তার সামান্যও নিতে পারছি না। সেটা কিভাবে বাড়ানো যায়, সে সহায়কনীতি প্রয়োজন। আর্থিক সহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের আরও বেশি মানুষকে করের আওতায় আনতে হবে। পুঁজিবাজারে বন্ডের সেকেন্ডারি ট্রেড বাড়াতে হবে। এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনে গ্যাস আমদানি করতে হবে।

ডিসিসিআই সভাপতি আরও বলেন, রপ্তানির ক্ষেত্রে শুধু ইউরোপ-আমেরিকার বাজারের ওপর নির্ভরশীল না থেকে চীন ভারত ও আফ্রিকার মতো জনবহুল দেশে যেতে হবে। কারণ এসব দেশে কনজিউমার বেশি। সেজন্য প্রয়োজনীয় ইকোনোমিক ডিপ্লোমেসি করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী এবং সহ-সভাপতি জুনায়েদ ইবনে আলী উপস্থিত ছিলেন।

 

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।