খুঁজুন
, ,

ভোট শেষ, চলছে গণনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 7 January, 2024, 11:57 am
ভোট শেষ, চলছে গণনা

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ। বিচ্ছিন্ন কিছু বিশৃঙ্খলার ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার অপেক্ষা ভোট গণনার। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে ফল ঘোষণা করবেন প্রিসাইডিং অফিসার। পরে লিখিত ফল পাঠিয়ে দেবেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

সারা দেশে একযোগে সকাল ৮টায় ভোট নেওয়া শুরু হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটার উপস্থিতিও কিছুটা বাড়ে। বিরতি ছাড়াই ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। দেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হওয়ায় বিধি অনুযায়ী ভোট স্থগিত করে ইসি।

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনের বর্জনের পাশাপাশি ভোটের আগের দিন থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে।

দেশের ২৯৯ আসনের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে স্থগিত হয়েছে সাতটি। আর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা সারা দেশে গড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের আগের দিন দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ভোটকেন্দ্রে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। কিছু কেন্দ্রে জালভোটের অভিযোগও ওঠে। তবে সার্বিকভাবে নির্বাচনকে শান্তিপূর্ণ বলে অভিহিত করেছে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। সকালে মুন্সিগঞ্জে একটি ভোটকেন্দ্রের বাইরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

রাজধানীর অন্তত তিনটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চার জন। এর মধ্যে ভোট শুরুর আগে সকাল ৭টার দিকে করাতিটোলা এলাকার চান মিয়া সরদার (সিএমএস) মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মো. অন্তর (২২) নামে এক আনসার সদস্য আহত হন। পরে সকাল ১০টার দিকে খিলক্ষেতে অন্বেষণ স্কুল কেন্দ্রের বাইরে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এছাড়াও বেলা ১২টার দিকে হাজারীবাগে ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া যায়।

এদিকে বেলা ১১টার দিকে জামালপুরের সরিষাবাড়ীতে একটি ভোটকেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

এছাড়াও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, সিলেট ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় বেশ কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

এর মধ্যে সকাল ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।

বেলা ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌকার কর্মীদের চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী নৌকার নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েছেন।

এদিকে ভোট শেষ হওয়ার আগে আগে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, বিকাল ৩টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন অভিযোগে সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। জালভোট দেওয়া ও জালভোট দিতে সহায়তায় করায় ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। এবার ২৯৯টি আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান ৪৩৬ জন।

এবারের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।

সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।