খুঁজুন
, ,

কোনো বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করলে নাম গণমাধ্যমে বলে দেব: সিইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 30 December, 2023, 2:41 pm
কোনো বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করলে নাম গণমাধ্যমে বলে দেব: সিইসি

কোনো বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করলে তাদের নাম গণমাধ্যমে বলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, কোনো বাহিনীর সদস্যরা যদি কারো পক্ষে কোনো প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে, নির্বাচন কমিশন যদি এর প্রমাণ প্রায় তবে সেই বাহিনীর কার্যকলাপ গণমাধ্যমে তুলে ধরা হবে। নির্বাচন কমিশন কারো কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছে না সুতরাং এর দায়ও নেবে না। যারা এসব কাজ করার চেষ্টা করবে তাদেরকেই এই দায় নিতে হবে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় থাকা একাধিক কর্মকর্তা সিইসির এমন হুঁশিয়ারির কথা যুগান্তরকে নিশ্চিত করেছেন। সভায় সিইসি আরও বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষক ছাড়া ওসি, পুলিশ সুপার বা যেকোনো কর্মকর্তা প্রিসাইডিং অফিসার না ডাকলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বর্জনকারী দলগুলো ভোট প্রতিহত করতে বড় কোনো কর্মসূচি দিলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ তৈরি হবে। তবে তা মোকাবিলা করার প্রস্তুতিও আছে নির্বাচন কমিশনের।

শনিবার একদিনের সফরে সিলেটে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকাল ১০টায় সকাল সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই মতবিনিময়। শুরুতেই সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সরকার থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে সব প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে।

প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সিইসি বেলা ১২টার দিকে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন। এ সময় তিনি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য করতে নির্দেশনা দেন। সেই সঙ্গে বিভিন্ন আসনের নির্বাচনি পরিবেশ সম্পর্কে ইউএনও ও পুলিশ কর্মকর্তাদের মতামত শুনেন। সবার জন্য সমান সুযোগ তৈরির নির্দেশনা দেন। সব শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

শুরুতেই সিইসি বলেন, সিলেটসহ আটটি বিভাগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে যেটুকু প্রতীয়মান হয়েছে তাতে এই নির্বাচনে বড় কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। দুই-একটি স্থানে পোস্টার ছেড়াসহ ছোটখাটো অভিযোগ পাওয়া গেছে। সেখানে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে এটা শতভাগ নিশ্চিত। নির্বাচনের গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক যে মানদণ্ড আছে তা এই নির্বাচনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। কারণ, নির্বাচন গ্রহণযোগ্য করতে আন্তর্জাতিক মহলের কাছে যেমন দায়বদ্ধতা আছে তেমন দেশের মানুষের কাছেও দায়বদ্ধ নির্বাচন কমিশন।

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো চ্যালেঞ্জ আছে কি না এবং নির্বাচন বর্জন করে বিরোধী দলগুলোর কর্মসূচি কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা- এমন প্রশ্নে সিইসি বলেন, ‘যেকোনো নির্বাচনে চ্যালেঞ্জ থাকে। এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ নেই। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন একটি দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান করেছে নির্বাচন প্রত্যাখ্যান করা জন্য। এটা যদি এভাবেই আহ্বান করে শান্তিপূর্ণভাবে, তবে তা কোনো চ্যালেঞ্জ নয়। কারণ, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন বর্জন কিংবা নির্বাচনের সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু তারা নির্বাচন প্রতিহত করতে পারবে না। তারা যদি নির্বাচন প্রতিহত করতে চায় তবে একটি চ্যালেঞ্জ আসবে। আমাদের তা মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে। নির্বাচন বর্জনকারীরা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রতিহত করার যে আহ্বান জানাচ্ছে তার মধ্যে থাকলে কোনো সংকট তৈরি হবে না। কিন্তু তারা যদি নির্বাচনের দিন কিংবা তার আগে তাদের শান্তিপূর্ণ অবস্থান পরিবর্তন করে, ভোটারদের ভোট প্রদানে বাধা কিংবা ভোটগ্রহণে বাধা প্রদানের কোনো কর্মসূচি দেয়, তাহলে সুষ্ঠু নির্বাচনে চ্যালেঞ্জ তৈরি হবে। আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি রয়েছে।’

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে করা মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।