খুঁজুন
, ,

কী হচ্ছে বা কী হবে জবাব নেই দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 15 December, 2023, 4:51 am
কী হচ্ছে বা কী হবে জবাব নেই দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে

কূটনৈতিক উইংয়ের ওপর ক্ষুব্ধ বিএনপির শীর্ষ নেতৃত্ব। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ঠিক আগের পরিস্থিতির বিষয়ে আন্তর্জাতিক মহলের পর্যালোচনা কী, নির্বাচন উপলক্ষে তাদের কর্মকা- কেমন হতে পারে, সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিশেষ করে দুই প্রভাবশালী দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের অবস্থান এখন কোন মেরুতে রয়েছে, সে সম্পর্কে অন্ধকারে সংশ্লিষ্টরা। ফলে সারা দেশের নেতাকর্মীদের কাছে সঠিক দিকনির্দেশনা পৌঁছাতে পারছে না বিএনপি নেতৃত্ব। এ কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা; তাদের চোখে-মুখে নির্বাক জিজ্ঞাসা।

বিএনপির আন্তর্জাতিক উইং ঠিকভাবে কাজ করছে না এমন অভিযোগ আগেও ছিল। নির্র্বাচন ঠেকানোর এক দফার আন্দোলনে নামার আগে যে ‘হোমওয়ার্ক’ দরকার তা নিয়েও প্রশ্ন ছিল দলটির একাংশের নেতাদের মধ্যে। তখনই বলা হয়েছিল, গ্রেপ্তার, হামলা-মামলায় পড়লে করণীয় বিষয়ে বিদেশিদের কে বোঝাবে? যেভাবে তারা এগোচ্ছে তাতে যে পরিপক্বতার ছাপ নেই বা তাদের তৎপরতা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়, সেটি খোলাসা হচ্ছে দিনে দিনে।

তৃণমূল নেতাদের ভাষ্য : হাওয়ায় ভাসছে বিএনপির কূটনৈতিক উইং। দলটির একাধিক নেতা এই প্রতিবেদকের কাছে জানতে চেয়েছেন এবং চান, ‘কোনো খবর আছে কি?’ দেশব্যাপী তৃণমূলের অন্তত ১০ জন নেতার প্রশ্ন ‘ফরেন উইং কতটা কাজ করছে? ভারতের মনোভাব পরিবর্র্তন করতে পেরেছে কি? ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র স্যাংশন দেবে রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন ছিল, সেটা হলো না কেন?’

গত সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সে সভায় প্রথা ভেঙে আন্তর্জাতিক বিষয়াদির দেখভাল করেন, প্রকাশ্য মঞ্চে কথাবার্তা বলেন এমন একজন নেত্রীকে আমন্ত্রণ জানিয়ে ভার্চুয়ালি সংযুক্ত রাখা হয়েছিল। তার কাছে শীর্ষ নেতাদের জিজ্ঞাসা ছিল, ‘বর্তমান পরিস্থিতিতে বিদেশিদের মনোভাব কী? আন্দোলনে যাওয়ার আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সে বিষয়গুলো কেন পরিষ্কার হচ্ছে না?’ এসব প্রশ্নের জবাব ওই নেত্রী দিতে পারেননি। ক্ষুব্ধ নেতারা তখন অনেকটা ভর্ৎসনার সুরে তাকে আরও সক্রিয় হতে বলেন।

ফরেন রিলেশন কমিটির (এফআরসি) এক সদস্য দেশ রূপান্তরকে জানান, ‘ওই বৈঠকের পর কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেছেন শীর্ষ নেতারা। তবে আপাতত করণীয় বিষয়ে বিদেশিদের কাছ থেকে নতুন বার্তা আসতে পারে বলে আশ্বস্ত হতে পারেনি বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিএনপি নিশ্চিত হয়েছে, বহির্বিশ্বের কাছ থেকে নির্বাচন ঠেকানোর মতো চাপ আসার সম্ভাবনা আপাতত নেই।

কূটনৈতিক তৎপরতা জোরদারে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চেয়ারম্যান করে ২১ সদস্যের ফরেন রিলেশন কমিটি (এফআরসি) গঠন করেছিল বিএনপি। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সব ধরনের সহযোগিতা করতেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্য নেতারা। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই এখন কারাগারে বা আত্মগোপনে।

বিশেষ করে মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর গ্রেপ্তারের পর পঙ্গুবৎ এফআরসি। যদিও আমীর খসরু ও তার তোষকদের নিয়ে আগেও প্রশ্ন ছিল বিএনপির বেশ কিছু নেতার মধ্যে। তার পরও যতটুকু কাজ চলছিল সেটিও এখন বন্ধ প্রায়। খুঁড়িয়ে পথ চলতে গিয়ে বহির্বিশ্বের সঙ্গে বিএনপির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বিদেশিদের চাপের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতায় বিএনপির চেইন অব কমান্ড নাজুক পরিস্থিতিতে পড়েছে বলে মনে করেন কেউ কেউ। এর প্রভাবে হতাশা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে।

বিএনপি নেতাদের ধারণা ছিল, বিরোধী দলগুলোর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবির চলমান আন্দোলনের মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে আন্তর্জাতিক মহলে। তাদের এ ধারণার কারণ, নির্বাচন নিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে সক্রিয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্ব। কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র নির্বাচন ইস্যুতে সরকারের ওপর চাপ দিচ্ছিল। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহতকারী ব্যক্তিদের ওপর ভিসানীতি প্রয়োগেরও ঘোষণা দিয়েছিল দেশটি।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘেরও নির্বাচন নিয়ে নিয়মিত বক্তব্য-বিবৃতি ছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাপারে তাদের আপাত নীরবতা বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে আশা ছাড়েননি বিএনপি নেতারা। তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শ্রমনীতি ঘোষণা করেছে। তাতে বাংলাদেশ আক্রান্ত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের আপাত নীরবতা বড় আঘাতের পূর্বাভাসও হতে পারে।

বিএনপির সূত্রগুলো বলছে, দৃশ্যমান কর্মকাণ্ড না থাকলেও বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথে নিয়মিত তথ্য সরবরাহ করছে বিএনপি। চিঠিতে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের সুরক্ষায় প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে। বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়ন, সভা-সমাবেশে বাধা, গ্রেপ্তার, নির্যাতন, হামলা-মামলার তথ্য-উপাত্ত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের যৌক্তিকতা তুলে ধরা হচ্ছে সেসব চিঠিতে।

২৮ অক্টোবর থেকে এ পর্র্যন্ত বিএনপির ১৯ নেতা ও কারাগারে ৫ নেতার মৃত্যুর তথ্য গত সপ্তাহে বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আমীর খসরুর গ্রেপ্তারের পর তাকে এফআরসির দায়িত্বে আনা হয়। গত দেড় মাসে তিনি অন্তত ছয়টি বৈঠক করেছেন। তাকে ঘিরেই এখন বিএনপির বৈদেশিক উইংয়ের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

ড. আবদুল মঈন খান ২ ডিসেম্বর সাংবাদিকদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব নির্বাচন নিয়ে আস্থাহীনতার প্রশ্ন তুলেছে। তারা যে সংলাপের আহ্বান জানিয়েছিল, সরকার তা আমলেই নেয়নি। বিদেশিরা সরকারের কর্মকা-ে নাখোশ।’

তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠায় এ দেশের জনগণের কোনো আন্দোলন বৃথা যায়নি। এবারও যাবে না। এখন ২০১৪ সালও নয়, ২০১৮ সালও নয়।

সময়ের আলো থেকে সংগৃহীত

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।