খুঁজুন
, ,

৮ আসনে সমঝোতা, কপাল পুড়লো যেসব নৌকার প্রার্থীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 14 December, 2023, 5:51 pm
৮ আসনে সমঝোতা, কপাল পুড়লো যেসব নৌকার প্রার্থীর
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে ৭ আসনে সমঝোতার ভিত্তিতে নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত দিয়েছেন জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জোটের বাইরে সুপ্রিম পার্টির সঙ্গেও একটি আসনে সমঝোতা হয়েছে। যদিও এরআগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ৩০০ আসনের ২টি ফাঁকা রেখে ২৯৮ জনকে দলীয় মনোনয়ন দেয় গত ২৬ নভেম্বর। পরে দলের মনোনীতরা গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কমর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
তবে ফাঁকা দুটি আসনের মধ্যে ছিলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। আর বর্তমান এমপি কুষ্টিয়া-২-এর জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও নারায়ণগঞ্জ-৫ জাতীয় পার্টির আসনে সেলিম ওসমান। সঙ্গত কারণে, কুষ্টিয়া-২ পাচ্ছেন হাসানুল হক ইনু ও নারায়ণগঞ্জ-৫ সেলিম ওসমানই থাকছেন। ফলে কেন্দ্রীয় দলীয় জোটের সঙ্গে ৮ আসনে সমঝোতা হওয়ায় হাসানুল হক ইনুর আসন বাদে ৭টিতেই নৌকা প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। এতে করে এই ৭ আসনের নৌকার প্রার্থীর কপাল পুড়লো।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ সমন্বয়ক আমির হোসেন আমুর বাসায় ১৪ দলের শরিকদের সঙ্গে অনানুষ্ঠানিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আমির হোসেন আমু ১৪ দলের শরিকদের জানিয়ে দেন, ৮টি আসন দেওয়ার ব্যাপারে জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত দিয়েছেন। এরমধ্যে বর্তমান যারা এমপি রয়েছেন তাদের মধ্যে ৭জনকে দেওয়া হয়েছে। আর বাকি একজন এমপি নন তাকে দেওয়া হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ৩টির মধ্যে হাসানুল হক ইনু-কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন বগুড়া-৪। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৩টির মধ্যে রাশেদ খান মেনন বরিশাল-৩, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ ও মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১। জাতীয় পার্টিকে (জেপি) ১টি আনোয়ান হোসেন মঞ্জু পিরোজপুর-২। তবে শিরীন আক্তারকে সংরক্ষিত আসনে এমপি বানানো হতে পারে।
বর্তমান এমপি তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাইন্ডারিকে না দিয়ে তারই ভাইজতা সুপ্রিম পার্টির সভাপতি সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারিকে চট্টগ্রাম-২ আসনে নৌকার প্রতীক দেওয়া হয়েছে। যদিও সুপ্রিম পার্টি ১৪ দলের শরিকদের সঙ্গে নেই। এতে আওয়ামী লীগের মনোনীত নৌকার ৭ প্রার্থীর কপাল পুড়লো।
এরমধ্যে নৌকার প্রার্থী রয়েছেন- লক্ষ্মীপু-৪ ফরিদুন্নাহার লাইলী, বগুড়া-৪ মো. হেলাল উদ্দিন কবিরাজ, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন, রাজশাহী-২ মোহাম্মদ আলী, সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সময়ের আলোকে বলেন, কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেছে। জোট নেত্রী শেখ হাসিনা বর্তমান সংসদে ১৪ দলের যারা আছেন, তাদেরকে নৌকা প্রতীকে নির্বাচন করার অনুমোদন দিয়েছেন। শুধু একজনকে বাদ দিয়েছেন। জাসদকে ৩টি, ওয়ার্কার্স পার্টিকে ৩টি, জেপিকে ১টি ও তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারির ভাইজাতে ১টি আসন দেওয়া হয়েছে।
এ বিষয়ে শরিক দলগুলোর একাধিক নেতার কাছে সময়ের আলোর এই প্রতিবেদক জানতে চাইলেও কেউ কিছু জানেন না বলে জানিয়েছেন।
এদিকে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে দর কষাকাষি চলছিল বেশ কয়েকদিন ধরে। জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিকবার বৈঠক করেও কোনো সমাধানে আসতে পারছিল না ১৪ দলের শরিক দলগুলো। পরে জোট নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দিয়ে একটি সমন্বয় টিম করে দেন। ওই টিম কয়েক দফায় বৈঠক করলেও কোনো সমাধাণে পৌছাতে পারেননি।
পরে গত রোববার রাতে শেরে বাংলা নগরের এমপি হোস্টেলে সমন্বয় টিম শরিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ১৪ দলের শরীকরা নৌকা প্রতীকে নির্বাচন করতে পারবেন বলে সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। তবে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনি মাঠে রাখার ব্যাপারে মত দেন।
তবে ওই বৈঠকে কোনো আসন সমঝোতা না হলেও শরিক দলগুলোর মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা আসন চেয়ে একটি শর্ট লিস্ট দেয় আওয়ামী লীগের সমন্বয় টিমের কাছে। এরমধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রথমে ৭টি আসন চাইলেও অবশেষে তিনটি আসন দাবি করে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পাঁচটি, জাতীয় পার্টি (জেপি) পাঁচটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) দুটি, তরিকত ফেডারেশন দুটি, গণতন্ত্রী পার্টি সাত ও সাম্যবাদী দল একটি আসন চায়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।