খুঁজুন
, ,

কোয়ার্টার ফাইনাল জিতেছি, ফাইনালের জন্য প্রস্তুত: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 4 November, 2023, 12:44 pm
কোয়ার্টার ফাইনাল জিতেছি, ফাইনালের জন্য প্রস্তুত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। ঢাকায় খেলা হবে, চট্টগ্রামে খেলা হবে, সিলেটে খেলা হবে, খুলনায় খেলা হবে, রংপুরে খেলা হবে, বরিশালে খেলা হবে। প্রস্তুত, সতর্ক পাহারায় আপনারা আছেন। শেখ হাসিনার নির্দেশ, খেলা হবে। কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে, আমরা জিতে গেছি। সামনে সেমিফাইনাল, তারপর ফাইনাল হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ঠিক আছে? সব রেডি তো? বাংলার মানুষ ফাইনাল খেলার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে শনিবার রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোথায়? বাড়াবাড়ি, লাফালাফি কোথায়? ২৮ তারিখ, তারপর ২৯, ৩০, ৩১…। নভেম্বরের আজ ৪ তারিখ। শেখ হাসিনা নির্ধারিত সময়ে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন। ১৫ বছর আগের বাংলাদেশ, এই ঢাকা সিটি আর ১৫ বছর পরের বাংলাদেশ, এই ঢাকা শহর দিনে-রাতের পার্থক্য।

তিনি বলেন, আজকের এ সময়ে একটি বিপদে আমরা আছি। সেটা বিশ্ব সংকট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সুদানে যুদ্ধ, আজকে সারা দুনিয়া এ বিপদসংকুল পরিস্থিতিতে— বাংলাদেশ কিছুটা সমস্যায় আছে। কিন্তু মনে রাখবেন যে নেতা বাংলাদেশের জনগণের জন্য রাতে ঘুমান না। ২৪ ঘণ্টায় সাড়ে ৩ ঘণ্টার বেশি ঘুমান না। তিনি জনগণের কথা বলেন, চিন্তা করেন, কাজ করেন। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো এত সৎ নেতা, এত জনপ্রিয় নেতা, এত দক্ষ নেতা, এত সফল নেতা আপনারা কি আর দেখেছেন? শেখ হাসিনার মতো জনদরদি আরেকজন নেতা কি আমরা পেয়েছি?

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের গ্যাপ ছিল। সেই গ্যাপ পূরণের জন্য উরসুলা ভন ডের লেইনের (ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট) দাওয়াতে নেত্রী ছুটে গেছেন। সেখানেও তিনি যা কিছু পেয়েছেন, সেটা আমার দেশের জনগণের জন্য।

এ সময় বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমরা তাকে বারবার নির্বাচিত করব। তিনি বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন, বিশ্ব নেতারা প্রশংসা করেন। আর আমাদের দেশের সাম্প্রদায়িক জঙ্গিবাদী একটি দল, তাদের দোসররা শেখ হসিনাকে সম্মান করতে পারে না। শেখ হাসিনা বাংলাদেশের জন্য এত কিছু করেছেন। একটা ধন্যবাদও এরা কোনোদিন দিতে পারেনি। দুর্ভাগ্য আমাদের। শেখ হাসিনা একা নির্বাচন করলে ৭০ থেকে ৭৫ ভাগ (ভোট) পাবেন। এই জনপ্রিয়তা ওরা হিংসা করে, জ্বালায় মরে।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে এই জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর কন্যাকে আবারও বিজয়ী করতে হবে। ঠিক আছে… বাংলাদেশের গণতন্ত্র এদের (বিএনপি-জামায়াত) হাতে নিরাপদ নয়। এরা ক্ষমতায় এলে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবে, রক্তের বন্যা বইয়ে দেবে, লাশের পাহাড় সৃষ্টি করবে। এই অপশক্তির হাতে আমরা বঙ্গবন্ধুর লাখো শহিদের বাংলাদেশকে তুলে দিতে পারি না। সেজন্য বাংলার মানুষ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। সারা বাংলায় খেলা হবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলেছিল ২৮ তারিখের পর শেখ হাসিনার সরকার থাকবে না। তিনি আছেন, তিনি থাকবেন। তিনি তো আগামীর বিজয় বার্তা নিয়ে বসে আছেন। কিন্তু বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টিভিতে দেখলাম, দৌড়ে পালাচ্ছে। হরতাল ঘোষণার জন্য মির্জা ফখরুলকে পেছন থেকে টানছে। তারা বলেছিল, আমরা নাকি পালাানোর পথ পাবো না। এখন কোথায়? আমির খসরু কোথায়? গয়েশ্বর বাবু কই? তারা কোনো কিছু না পেয়ে গুহায় ঢুকেছে। সেখাান থেকে ব্রিফিং করছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, আনোয়ার হোসেন প্রমুখ।

যৌথভাবে জনসভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।