খুঁজুন
, ,

চুপিসারে দেশে ফিরলেন পাপনসহ বিসিবি পরিচালকরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 November, 2023, 6:52 am
চুপিসারে দেশে ফিরলেন পাপনসহ বিসিবি পরিচালকরা

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু বিশ্ব মঞ্চে সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করলেও এরপর টানা ছয় ম্যাচে পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সাকিব বাহিনী। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন নিয়েও জেগেছে সংশয়।

বিশ্বকাপে এখনো দুই ম্যাচ বাকি বাংলাদেশের। আগামী ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। তবে সেই দুই ম্যাচ বাকি রেখেই অনেকটা লুকিয়ে আর গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের বেশ কয়েকজন পরিচালক।

গতকাল কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন তারা। তার আগে বাংলাদেশ দলকে সাহস জোগাতে নেদারল্যান্ডস ম্যাচের আগে পাপনের সাথে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু ভারতে গিয়েছিলেন। এরপর ডাচদের কাছে শোচনীয় পরাজয়ের পর সবশেষ পাকিস্তানের কাছেও পরাজয়ের সাক্ষী ছিলেন তারা।

তবে মাঠের পারফরম্যান্সে ভরাডুবির কারণে ভারত সফরটা সুখের হলো না দেশের ক্রিকেট নীতিনির্ধারকদের। নেদারল্যান্ডস ম্যাচের আগে-পরে কয়েক দফায় বৈঠক করেও তারা ফেরাতে পারেনি দলের ফর্ম। উল্টো ডাচ কেলেঙ্কারির পর পাকিস্তানের বিপক্ষে দেখা গেছে আরও ভঙ্গুর এক বাংলাদেশ দলকে। তাই তো টুর্নামেন্টের দুই ম্যাচ বাকি রেখেই দেশে ফিরেছেন বিসিবির কর্তারা।

বিমানবন্দরে গণমাধ্যমের চাপ এড়াতে অনেকটা গোপনেই দেশে ফেরেন তারা। সেখান থেকে নিজ নিজ গাড়িতে চড়ে বেশ তাড়াহুড়ো করে বেরিয়ে যান। সূত্রের খবর, টুর্নামেন্ট চলাকালীন কোচিং স্টাফ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বিসিবি। আপাতত তারা কথা বলবেন না তামিম-সাকিব পাল্টাপাল্টি ভিডিও বার্তা এবং ইন্টারভিউগুলো নিয়েও। তবে, ক্রিকেটাররা দেশে ফিরলে অধিনায়কত্ব ইস্যুসহ নানা বিষয়ে বেশকিছু বড় সিদ্ধান্ত আসতে পারে দেশের ক্রিকেটে।

এদিকে সাকিব আল হাসানদের মাঠের পারফরম্যান্সের কারণে চাপে রয়েছেন বিসিবি কর্তারাও। অথচ দেশের বাইরে কোনো টুর্নামেন্ট এলেই ব্যস্ততা বেড়ে যায় বিসিবি কর্তাদের। ক্রিকেটারদের মাঠের খেলায় মনোবল জোগাতে চলে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ। তাদের উপস্থিতি খেলোয়াড়দের মনোবল আদতে বাড়ায় কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

তবে, সফরকারীদের পকেট যে ভারী হয় সেটা তো আর না বললেই নয়। দলের পারফরম্যান্স যাই হোক, বিদেশ সফরের নিয়মিত টিএ, ডিএ’গুলো ঠিকই জমা হয় তাদের অ্যাকাউন্টে। তবে বিপত্তিটা বাঁধে দল ভালো না করলে। গণমাধ্যমের তোপ আর সমালোচনার মুখে, বিদেশ সফরটা খুব একটা ভালো কাটে না এসব নীতিনির্ধারকদের।

এই যেমন এবারের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরু থেকেই ভারত সফরের ব্যস্ততায় বিসিবি কর্তারা। বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধান নির্বাহী, বিসিবি পরিচালক কিংবা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, ক্যারিয়ারে অনেকেই পেশাদার ক্রিকেট না খেললেও দলের সঙ্গে তাদের সরব উপস্থিতি ছিল বরাবরই। বোর্ড কর্তাদের এমন বিশাল বহর অবশ্য দেখা যায় না অন্য দলগুলোর ক্ষেত্রে।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।