খুঁজুন
, ,

পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 23 October, 2023, 6:15 am
পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশ

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ কঠোর হতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশের অভিযান চলছে। ডিএমপির দায়িত্বশীল একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে।

এদিকে একই দিনে বিএনপির কর্মসূচিস্থল থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে গুলিস্তানে ক্ষমতাসীন আওয়ামী লীগ মহাসমাবেশ ডেকেছে। পাশাপাশি দিনটিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরও মাঠে নামার সম্ভাবনা আছে। তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত নেতাকর্মীদের স্মরণে কর্মসূচি দিতে পারে। বিদ্যমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা আছে।

বিএনপি নেতাদের অভিযোগ-মহাসমাবেশে বাধা সৃষ্টির জন্য এক সপ্তাহ আগে থেকে পুলিশ গণগ্রেফতার শুরু করেছে। এলাকাভিত্তিক তালিকা ধরে বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে হানা দিচ্ছে তারা। এমনকি হোটেলে থাকা নেতাকর্মীদেরও হয়রানি করছে। প্রতিদিনই শহরের কোনো না কোনো প্রান্তে নেতাকর্মীদের গ্রেফতার অথবা হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় নেতাকর্মীদের বড় একটি অংশই নিজ বাসায় অবস্থান করতে পারছেন না।

আটক করে পুরোনো মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে। শনিবার রাতেও নতুনবাজার এলাকা থেকে ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববারও মতিঝিল, উত্তরাসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। ২৪ অক্টোবরের পর থেকে ব্যাপক গ্রেফতারের আশঙ্কা করছেন বিএনপি নেতাকর্মীদের অনেকে। তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের হয়রানির বিষয়টি সঠিক নয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন যুগান্তরকে বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা রক্ষায় আমরা কাজ করি। যত দলই কর্মসূচি করুক, জনগণের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। এজন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, তালিকা ধরে এলাকাভিত্তিক অভিযানের কোনো তথ্য আমার কাছে নেই।

ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির মহাসমাবেশ ঘিরে শান্তিশৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির যেসব নেতার নামে ওয়ারেন্ট রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বিনষ্ট করতে পারেন-এমন নেতাকর্মীদের ওপরও নজর রাখা হচ্ছে। এক্ষেত্রে ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ধরে কাজ করছেন তারা। তবে অনেকেই ইতোমধ্যে বাসা পরিবর্তন করেছেন। ঢাকা ছেড়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন কেউ কেউ। নিয়মিত মোবাইল নম্বর বন্ধ করে পকেট রাউটারের মাধ্যমে অনলাইনে সক্রিয় থাকছেন অনেকে। এজন্য সহজেই তাদের শনাক্ত করা যাচ্ছে না। এছাড়া এই দিনটিকে ঘিরে জামায়াত-শিবিরের ভূমিকাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শনিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঘোষণা করেছেন, ২৮ অক্টোবর কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

এদিকে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার সাংবাদিকদের তিনি বলেন, দিনটিকে ঘিরে নাশকতার আশঙ্কা নেই। তবে আশঙ্কাকে ঘিরেই আমরা নিরাপত্তা পরিকল্পনা করে থাকি। এজন্য ২৮ অক্টোবর সব দল যেন নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারে, আমাদের সেই পরিকল্পনা থাকবে। তিনি বলেন, ঢাকা শহরে আমাদের অভিযান অব্যাহত আছে। যে কোনো অপরাধী, ওয়ারেন্ট ও মামলার আসামিদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। রুটিন চেকপোস্ট ও টহল চলবে।

মহাসমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজধানীর প্রবেশপথ ও থানা-ওয়ার্ডে সতর্ক পাহারা শুরু করেছেন। এক্ষেত্রে তাদের সঙ্গে যেন বিএনপি নেতাকর্মীদের সংঘাতপূর্ণ অবস্থা সৃষ্টি না হয়, সেদিকেও নজর রাখছে পুলিশ। সমাবেশ ঘিরে রাজধানীর হোটেলগুলোয়ও পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের অনেকেই আগেভাগে এসব হোটেলে অবস্থান নিয়েছেন-এমন তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। পল্টন ও মতিঝিল এলাকার অন্তত ৮০টি হোটেলের কার্যক্রমে পুলিশ নজরদারি রাখছে বলে একটি সূত্র জানিয়েছে।

এ অবস্থায় রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা নিশ্চয়তা দিতে চাই, ২৮ অক্টোবরে আমাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। এর নিরাপত্তার জন্য আমাদের পক্ষ থেকে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা যেটা প্রয়োজন, সেগুলো আমরা নিয়েছি। সরকার ও পুলিশ কোনো ধরনের বাধা দেবে না আশা করে তিনি বলেন, আপনারা কোথাও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবেন না। সারা দেশ থেকে আমাদের শান্তিপ্রিয় মানুষ আসবেন। আমাদের অনুরোধ থাকবে তাদের সহযোগিতা করবেন। এখন পর্যন্ত কোথাও আমাদের দ্বারা অশান্তি সৃষ্টি হয়নি, যা কিছু করছে এই সরকার, তার পেটুয়া বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।