খুঁজুন
, ,

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ব্রাসেলস যাবেন: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 October, 2023, 2:16 pm
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ব্রাসেলস যাবেন: পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপীয় কমিশনের (ইসি) উদ্যোগে আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ব্রাসেলস যাবেন। ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে আগামী ২৪ অক্টোবর সরকার প্রধান বেলজিয়াম সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। এ সময় জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৪ অক্টোবর ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা আসবেন। তাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনার সুযোগ হবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীকে ব্রাসেলস সফরের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেন। এ সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ এর ঋণদাতা সংস্থা–ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেবে ইআইবি।

গত মাসে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবেও ২০২৪ সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়াও গত ২০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। এমন বাস্তবতায় আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ও ব্রাসেলসের সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরের সময় গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকের পাশাপাশি একইসময়ে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতারা অংশ নেবেন। এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। যাতে সরকারপ্রধান নির্বাচন ছাড়াও সুশাসন, মানবাধিকার, ইন্দো প্যাসিফিকসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইইউভুক্ত দেশের নেতাদের কাছে সরাসরি তুলে ধরতে পারেন। ইউরোপের বাজারে অগ্রাধিকার বাজার সুবিধার (জিএসপি) ধারাবাহিকতায় জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি: এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন আলোচনায় তিনি পশ্চিমা বিশ্বকে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেছেন, চায়না ঠেকাতে হুমকি বা উপদেশ দিয়ে লাভ হবে না। তারাও এ ব্যাপারে একমত হয়েছেন জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি।

এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং সদ্যসমাপ্ত কলম্বো সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে আলাপচারিতার কথা উল্লেখ করেন।

আফরিন আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন জানিয়ে ড. মোমেন বলেন, শ্রীলঙ্কা সফরের সময় মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার নির্বাচন সম্পর্কে জানতে চান। তখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা তাকে জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান সম্পর্কে জানতে চাওয়ায় তার অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আফরিনকে তথ্য দেয়া হয়েছে। আদিলুর মিথ্যা তথ্য দিয়েছেন এবং কখনও কোন প্রমাণ দিতে পারেননি। এমন তথ্যে তিনি অবাক হয়েছেন। সরকার কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে না বলেও তাকে আশ্বস্ত করা হয়।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশি চাপে নয়, প্রচলিত আইন ও নিয়মে তার জামিন হয়েছে। সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না।

জ্যাক সুলিভানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাঝপথে থেমে যাওয়ার থবর মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সুলিভানের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে।

নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল না এলে তাদের বিশেষভাবে অনুরোধ করা হবে না।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী নির্বাচনের আগে কোন নতুন জোটে যোগ দিবে না সরকার।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাবেক খাদ্য সচিবের অর্থ বাজেয়াপ্ত হওয়ার বিষয় সম্পর্কে জানতে চাওয়া। তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে বলেন, এমনটি হলে তা দুঃখজনক।

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব: বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে প্রস্তাব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে। সে সময় তাকে জানিয়েছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন তিনি জানিয়েছেন, এ বিষয়ে ঢাকার হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।