খুঁজুন
, ,

বিএনপির সঙ্গে অঙ্গীকার ১২ দলীয় জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 October, 2023, 8:54 am
বিএনপির সঙ্গে অঙ্গীকার ১২ দলীয় জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো

সর্বোচ্চ শক্তি নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচিতে বিএনপির সঙ্গে থাকার অঙ্গীকার করেছে ১২ দলীয় জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে সংগঠনগুলোর নেতারা এ অঙ্গীকার করেন।

বিকাল থেকে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক হয়। এ তিনটি বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়ে নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বৃহস্পতি এবং শুক্রবারও বাকি শরিকদের সঙ্গেও বিএনপি বৈঠক করবে।

সমমনা জোট নেতারা জানান, চলমান আন্দোলনের মূল নেতা তারেক রহমানের সঙ্গে তাদের এটি প্রথম বৈঠক। বৈঠকে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শরিকদের মতামত নেওয়ার পাশাপাশি বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে। তারা মনে করেন, চলমান আন্দোলনে এর ইতিবাচক ভূমিকা রাখবে।

জোট নেতারা আরও বলেন, বৈঠকে তারা সবাই একমত হয়েছেন, চলমান আন্দোলনে সফল না হলে দেশের মানুষ দীর্ঘদিনের জন্য ভোটাধিকার হারাবে এবং দেশ দীর্ঘদিনের জন্য অন্ধকার গহ্বরে চলে যাবে। দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে চূড়ান্ত আন্দোলনে সবাইকে ভূমিকা রাখতে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘বৈঠকে সব নেতার মতামত শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সঙ্গে কথা বলার জন্য তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অঙ্গীকার করেছি সব কিছু উজার করে সর্বোচ্চ শক্তি নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে রাজপথে থাকব। ’

গত ১২ জুলাই থেকে এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ছাত্র কনভেনশন হবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৪ অক্টোবর ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতীকী গণঅনশন, এক দফা দাবিতে ১৬ অক্টোবর ঢাকায় যুবসমাবেশ ও ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি।

এদিন বিকাল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত পৃথকভাবে সমমনাদের সঙ্গে এসব বৈঠক হয়। বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

১২ দলীয় জোটের বৈঠকে ছিলেন- জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপি শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মনসুর হাসান রায়পুরী, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাপপা(তাসমিয়া) রাশেদ প্রধান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, লেবার পার্টির (একাংশ) ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম ও ইসলামিক পার্টির আবুল কাশেম।

জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে ছিলেন এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা (লুৎফুর) খন্দকার লুৎফুর রহমান, এসএম শাহাদাত, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, আবু সৈয়দ, বিকল্পধারার নুরুল আমিন বেপারী, শাহ আহমেদ বাদল, ন্যাপের এমএন শাওন সাদেকী, আবদুল বারিক, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, দিলীপ কুমার দাস, মুসলিম লীগের নাসিম খান, এনডিপির আবু তাহের, আবদুল্লাহ আল হারুন সোহেল, ডেমোক্রেটিক লীগের আকবর হোসেন।

বাংলাদেশ লেবার পার্টির বৈঠকে ছিলেন মোস্তাফিজুর রহমান ইরান, এসএম ইউসুফ আলী, আমিনুল ইসলাম, হিন্দুরত্ন রাম কৃষ্ণ সাহা ও জহুরা খাতুন জুঁই ছিলেন।

গত বছরের ১০ ডিসেম্বর সরকারের পতনের রূপরেখা ঘোষণা করে বিএনপি। এরপর গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টি, এনডিএমসহ আরও কয়েকটি দল নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।