খুঁজুন
, ,

হারুন স্যারকে প্রথমে মেরেছিলেন আমার স্বামী: এডিসি সানজিদা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 12 September, 2023, 6:19 pm
হারুন স্যারকে প্রথমে মেরেছিলেন আমার স্বামী: এডিসি সানজিদা

আজ মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গত শনিবারের ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন এডিসি সানজিদা আফরিন। তিনি বলেন, পুলিশের সাময়িক বরখাস্ত এডিসি হারুন অর রশিদকে প্রথমে মেরেছিলেন তার স্বামী রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক।

এডিসি সানজিদা আফরিন বলেন, ‘বেশ কিছু দিন থেকে আমার কার্ডিয়াক সমস্যা হচ্ছিল। ২০১৯ সাল থেকে আমি হাইপার টেনশনের ওষুধ খাচ্ছি। লাস্ট ৪-৫ মাস ধরে সমস্যাটা বেড়ে গেছে। লাস্ট দুই-তিন সপ্তাহ ধরে আমার চেস্ট পেইনটা বেড়ে যাচ্ছিল। প্রতি দিন সময় ম্যানেজ করা সম্ভব হয় না। তাই লাস্ট শনিবার ব্যথাটাও একটু বাড়ে। তাই ওই দিন আমার মনে হলো ইব্রাহিম কার্ডিয়াকে কোনো ডাক্তার আমি দেখাতে চাচ্ছি। আমি ল্যাবএইডে যে ডাক্তার দেখাই, তিনি দেশে বাইরে ছিল। তাই ইর্মাজেন্সিতে আমার যেহেতু ডাক্তার দেখানো দরকার ছিল, তাই আমি স্যারকে (সাময়িক বরখাস্ত এসিডি হারুন অর রশিদ) ফোন দিয়েছি… তাকেই আমি অনুরোধ করি একটা সিরিয়াল ম্যানেজ করে দেওয়ার জন্য। তখন স্যার ওসির মাধ্যমে একটা সিরিয়াল ম্যানেজ করে দেন। সেটা সন্ধ্যা ৬টার পর ডাক্তারের সিরিয়াল ছিল। আমি সেই হিসেবে সন্ধ্যা ৬টার পর আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পর আমি জানতে পারি স্যার (ডাক্তার) কোনো একটা কনফারেন্সে আছেন। কনফারেন্সে থাকার কারণে যেহেতু আমার একটু আর্জেন্টও ছিল, তাই আমি স্যারকে (এডিসি হারুন) কনফার্ম করি ডাক্তার একটি কনফারেন্সে আছেন। তাই তিনি হয়তো আজ দেখবেন না। যেহেতু আমার একটু আর্জেন্টও ছিল তাই অন্য কাউকে দেখানো যায় কি না। স্যার খুব সম্ভবত আশেপাশেই ছিল, তাই তিনি বললেন, “আপনি একটু বসেন, আমি এসে দেখি অন্য কাউকে ম্যানেজ করা যায় কি না”।’

ঘটনার সূত্রপাত কীভাবে—এ বিষয়টি জানাতে গিয়ে সানজিদা আফরিন বলেন, ‘বেশ কিছুক্ষণ পর স্যার আছেন। এসে উনাদের সঙ্গে কথা বলেন। পরে একজন ডাক্তার ম্যানেজ হয়, আমি ডাক্তারকে দেখাই। তিনি বেশকিছু টেস্ট দেন। আমি ব্লাড টেস্ট করিয়েছি, ইকো করিয়েছি। যে সময়টায় ইনসিডেন্ট, তখন আমি ইটিটি করছিলাম। আমি তখন ইটিটি রুমেই ছিলাম। সেই রুমে বেশকিছু সময় লেগে যায়। ২০-২৫ মিনিটের মতো। ইটিটি যখন শেষ পর্যায় তখন আমি রুমের বাইরে হট্টগোল, চিৎকার-চেঁচামেচি শুনতে পাই।’

তিনি বলেন, ‘প্রথম যে সাউন্ডটা আমার কানে আসল, মানে হচ্ছে স্যারই (হারুন) চিৎকার করে বলছেন, “ভাই আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আপনি তো আমার গায়ে হাত তুলতে পারেন না।” এটাই আমি প্রথম শুনলাম। আমার প্রথমে ধারণা, হয়েছিল সেখানে অন্য কারও সঙ্গে হয়তো কোনো সমস্যা হয়েছে। এর কিছুক্ষণ পরই আমি দেখতে পারি যে, আমার হাসবেন্ড (এপিএস আজিজুল হক)। তিনি সেখানে কেন গিয়েছেন, কী জন্য গিয়েছেন—আমি জানি না। উনাকে টোটালি আউট অব মাইন্ড লাগছিল। উনি খুবই উত্তেজিত অবস্থায় ছিলেন এবং উনার সঙ্গে বেশকয়েকজন ছেলেও ছিলেন। আমি তাদেরকে চিনি না।’

সাময়িক বরখাস্ত হওয়া এসিডি হারুন অর রশিদকে মারধর করা হয় জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘স্যারকে মারতে মারতে একরকম টেনেহিঁচড়ে রুমের ভেতর নিয়ে আসেন। রুমটার ভেতর আনলেন যখন, তখন স্যারকে তারা মারছিলেন। স্যার অনেকটা বাঁচার জন্য ইটিটি রুমের কোনায় গিয়ে দাঁড়ান। ওই সময় আনফরচুনেটলি (দুর্ভাগ্যবশত), আমার হাসবেন্ড ওই ছেলেগুলোকে বলছিলেন, তোরা এই দুজনের ভিডিও কর।’

সানজিদা আরও বলেন, ‘আমি তখন ইটিটির পোশাকে ছিলাম। আপনারা জানেন যে ইটিটির পোশাক কী রকম থাকে। স্বাভাবিকভাবে পোশাকটি শালীন অবস্থায় ছিল না। আমি হাসবেন্ডের সঙ্গে শাউট করছিলাম, এই রুমে তো কোনো ছেলে ঢোকার কথা নয়। আপনি ঢুকেছেন, এতগুলো লোক নিয়ে কেন ঢুকেছেন? তো আমি শাউট করছিলাম। তখন তিনি আমাকেও দুই তিনটি চড় মারেন। পরিস্থিতি এমন দাঁড়ায়, আমার ড্রাইভার (গাড়িচালক) ছুটে আসে। মাঝখানে দাঁড়ায়। ড্রাইভারের ওপর দিয়ে আমার গায়ে হাত তোলা হয়।

পুলিশ কর্মকর্তা সানজিদা বলেন, ‘একটা পর্যায়ে যারা ভিডিও করছিলেন, একটা ছেলে। আমি হাত থেকে মোবাইলটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। তার সঙ্গে হাতাহাতি, এমন একটা সিচুয়েশন (পরিস্থিতি) তৈরি হয়ে যায়। আমি কোনো অবস্থাতেই চাচ্ছিলাম না, ওই পোশাকে আছি, এই অবস্থায় ভিডিও হোক। ইনটেনশন (উদ্দেশ্য) দেখে মনে হয়েছে, তারা দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে একটা ভিডিও করতে চাচ্ছে। পরবর্তীতে তারা সেটি ইউজ (ব্যবহার) করবেন, একটি অসৎ উদ্দেশ্যের জন্য।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।