খুঁজুন
, ,

বিএনপিতে চলছে ব্যর্থ নেতাদের সরানোর কাজ,আসছে অবরোধ, হরতাল, ঘেরাও কর্মসূচি 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 September, 2023, 3:44 am
বিএনপিতে চলছে ব্যর্থ নেতাদের সরানোর কাজ,আসছে অবরোধ, হরতাল, ঘেরাও কর্মসূচি 
রাজপথে হার্ডলাইন কর্মসূচিতে যাওয়ার আগে সাংগঠনিক কাজে মনোযোগ দিচ্ছে বিএনপি। ঢাকা ও আশপাশের ইউনিটগুলোকে আরও শক্তিশালী করতে জোর দেওয়া হচ্ছে। পরিবর্তন আনা হচ্ছে নেতৃত্বে। গেল ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির দুর্বলতা থেকেই এই আগাম পরিবর্তন বলে জানান দায়িত্বশীল নেতারা।
সূত্র জানায়, বিএনপি মধ্য সেপ্টেম্বরের পর টানা কর্মসূচি দিয়ে মাঠে নামবে। পরের এক মাসকে টার্নিং পয়েন্ট ধরে আন্দোলন কর্মসূচি সাজাচ্ছে দলটি। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাঠপর্যায়ে নেতৃত্বের রদবদল করছেন। এ কাজে সপ্তাহদেড়েক সময় লাগবে। হাইকমান্ড নিজেই নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। গাজীপুর জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা, মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলসহ গুরুত্বপূর্ণ জেলার দিকে এবার বেশি নজর দেওয়া হচ্ছে। বিশেষ করে অঙ্গসংগঠনগুলোর নেতাদের সঙ্গে পরামর্শ করে নতুন নেতৃত্ব সামনে আনা হচ্ছে।
বিএনপি নেতারা বলছেন, ২৯ জুলাই রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনে আশপাশের জেলাগুলোর নানা দুর্বলতা ছিল। এসব দুর্বলতা কাটিয়ে ফের মাঠে নামার পরিকল্পনা চলছে। ওইদিনের মতো সমন্বয়হীনতা যাতে না হয়, সেদিকে সতর্ক রয়েছে হাইকমান্ড। যারা মাঠে প্রশাসন ও প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারবেন-তাদেরকেই কমিটিতে জায়গা দেওয়া হবে। আবার অনেক এলাকায় পদধারীরা নিষ্ক্রিয়। তাদের সাংগঠনিক নিয়মে সরিয়ে দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংগঠনিক সম্পাদক  বলেন, মঙ্গলবার রাতেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব বিষয়ে বৈঠক করেছেন। সবার মতামত নিচ্ছেন। যেখানে অনিয়ম আছে এবং বিশেষ গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন নেতৃত্ব দিচ্ছেন। এমনকি ছাত্রদলেও আসতে পারে নতুন কমিটি। কয়েক দিনের মধ্যেই তা স্পষ্ট হবে। এজন্যই একটু বিরতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ঢাকা ও তার পাশের মহানগরগুলোকে শক্তিশালী করা হবে। কারণ আন্দোলন-লড়াইয়ে তাদের মূল কেন্দ্রে থাকতে হয়। পাল্টে দেওয়া হতে পারে কয়েকটি চলমান ও মেয়াদোত্তীর্ণ কমিটি। তৃণমূল নেতাদের একই বার্তা দেওয়া হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় নতুন নেতৃত্ব দেওয়ার পর সেপ্টেম্বর মাসে ঝালাই করা হবে। এই মাসে বিভাগে পদযাত্রা, গণমিছিলসহ নানা কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখা হবে। অক্টোবরের শুরুতে ঢাকাকেন্দ্রিক টানা কর্মসূচি দেওয়া হবে। অবরোধ, ঘেরাও এবং ধর্মঘটের মতো কর্মসূচি দেওয়া হবে, যাতে সরকার বাধ্য হয়ে এক দফা দাবি মেনে নেয়। এখন দলের চেয়ারপারসন খালেদা জিয়া বেশ অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য মাঠে সবাইকে সোচ্চার হতে বলা হচ্ছে। আমরা মুক্তির দাবি আরও জোরালো করব মাঠের কর্মসূচিতে। জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে দুয়েকদিনের মধ্যেই বৈঠক করবে বিএনপি। নতুন কর্মসূচি ঠিক করতে তারা সবার সঙ্গে আলোচনা করবেন।
এ বিষয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি বলেন, সরকার হার্ডলাইনে গেলে বিএনপি ও বিরোধীরা আরও হার্ডলাইনে যাবে। বিএনপিকে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মূল ভূমিকা তাদেরকেই পালন করতে হবে। আমরা হলাম সহযোগী। বৈঠক শিগগির হবে। নতুন কর্মসূচি আসবে এবং তা টানা কর্মসূচি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়  বলেন, বছরের ৩৬৫দিন তো আন্দোলন করা যাবে না। কর্মসূচি চলছে, কর্মসূচি আসবে। মাঝেমধ্যে কর্মসূচি পরিস্থিতিভেদে নানামুখি হতে পারে। একটি কর্মসূচি শেষ হলে তার মূল্যায়ন করার ব্যাপার আছে। সময় নিতে হয়। নানা দিক বিবেচনা করে কর্মসূচি দিতে হয়। আর সরকার হার্ডলাইনে গেলে বিএনপি বসে থাকবে না। তারা আর কত হার্ডলাইনে যাবে!
শনিবার ঢাকায় ফের গণমিছিলের ঘোষণা : এদিকে শনিবার ঢাকায় ফের গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফাসহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটি এই কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী শনিবার এই গণমিছিল করা হবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল-জোটগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে সরকার আদালতকে ব্যবহার করে বিচার বিভাগকে অনাস্থার জায়গায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দিচ্ছে। দেড় দশক আগের মামলা সচল করা হচ্ছে। দিনরাত চলছে আদালত। উদ্দেশ্য আন্দোলন স্তব্ধ করে আবারও একদলীয় নির্বাচন করা। রিজভী বলেন, আমাদের এক দফার আন্দোলন চলমান। দেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে এই আন্দোলন।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।