খুঁজুন
, ,

২০২৬ বিশ্বকাপ খেলবেন না মেসি!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 2 September, 2023, 11:40 am
২০২৬ বিশ্বকাপ খেলবেন না মেসি!

কাতারে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ক্যারিয়ারের আজন্ম স্বপ্ন পূরণের পর লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন না তিনি। কিন্তু ইন্টার মায়ামিতে পাড়ি দেওয়ার পর গুঞ্জন ওঠে, আগামী বিশ্বকাপে খেলার জন্যই হয়তো মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবে যোগ দিয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর এই আর্জেন্টাইন তারকা।

পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেও পারফরম্যান্সে কোনো ভাঁটা পড়েনি মেসির। প্রতি ম্যাচে গোল করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এরই মধ্যে লিগস কাপের শিরোপা জিতিয়ে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম কোনো ট্রফি ঘরে পুরেছেন এই ফরোয়ার্ড। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এখন মেসিকে আগামী বিশ্বকাপে খেলার গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সবশেষ খবর বলছে, ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে ফিট মনে করলে খেলতে পারেন মেসি। তবে বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে কোচ লিওনেল স্কালোনিকে জিজ্ঞেস করা হলে কিছুটা ধোঁয়াশা রেখে দেন। কিন্তু আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজের এমনটা মনে হয় না। তার মতে, যৌথ আয়োজক কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে দেখা যাবে না মেসিকে।

এক সময়ে মেসির সঙ্গে জুটি গড়ে আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতিয়েছেন তেভেজ। তবে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়ে কিছুদিন আগেই স্বদেশি ক্লাব আতলেতিকো ইন্দিপেন্দিয়েন্তের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। এরপর দেশটির সংবাদমাধ্যম ক্লারিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ৩৯ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ড।

সাক্ষাৎকারে তেভেজ বলেছেন, ‘মনে করি না সে (মেসি) খেলবে। কারণ, বিশ্বকাপ কাছাকাছি আসার সময় বুঝতে পারবে সে আর আগের মতো নেই। সে যদি বিশ্বকাপে খেলতে চায়, তাহলে তার ওপর সমর্থকদের চাওয়া থাকবে ২০ বছর বয়সী খেলোয়াড়ের মতো। এ কারণেই মনে করি, সে বিশ্বকাপে থাকবে না।’

২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কিনা, সেটা সময় হলেই জানা যাবে। তবে মায়ামির হয়ে এরই মধ্যে ১০ ম্যাচে ১১ গোল করা আর্জেন্টাইন অধিনায়ক থাকছেন বিশ্বকাপের বাছাইপর্বে। তিন তারকা জার্সি পরে আরও কিছুদিন খেলবেন তিনি। যদি তিনি বিশ্বকাপে না খেলেন, তবে আগামী বছর কোপা আমেরিকার মঞ্চ থেকেই বিদায় নিতে পারেন মেসি।

বিশ্বকাপের বাছাইপর্বে আগামী ৮ ও ১৩ সেপ্টেম্বর লে আলবিসেলেস্তাদের দুটি ম্যাচ রয়েছে। ম্যাচ দুটিতে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেবেন মেসি। প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে মুখোমুখি হওয়ার পর শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।