খুঁজুন
, ,

দুর্নীতির ৭৮২ মামলা স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 31 August, 2023, 1:14 am
দুর্নীতির ৭৮২ মামলা স্থগিত

অবৈধভাবে গ্যাস সংযোগ স্থানান্তর ও নতুন সংযোগ দেওয়ার অভিযোগে ২০২১ সালের ১০ জুন সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ছেলে মুজিবুর রহমান ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পর প্রায় দুই বছর তদন্ত শেষে গত ৩০ মার্চ এ মামলা থেকে সবাইকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় কমিশন। কিন্তু এ প্রতিবেদন গ্রহণ করেননি চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুননেসার আদালত। পরে এ মামলায় মন্ত্রিপুত্রসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান আসামিরা। সম্প্রতি এ মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন আদালত। এর পর থেকে মামলাটির বিচার কার্যক্রম বন্ধ রয়েছে বলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে নিয়োজিত দুদকের প্যানেল আইনজীবী মাহমুদুল হক মাহমুদ আমাদের সময়কে জানিয়েছেন। বর্তমানে বিচারিক আদালত এবং উচ্চ আদালতে দুদকের ৬ হাজার ৯৮০টি মামলা রয়েছে। এর মধ্যে ৭৮২টির বিচার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে।
দুদক কর্মকর্তারা জানান, স্থগিত মামলাগুলোর মধ্যে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ পাচার, ঘুষ গ্রহণ, জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন বিচারিক
আদালতে তিন হাজার ২৭৫টি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে আপিল ও অন্যান্য আবেদন মিলে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আরও ৩ হাজার ৭০৫টি দুর্নীতির মামলা।
দুদকের সর্বশেষ (জুন ২০২৩) পরিসংখ্যান বলছে, বিভিন্ন বিচারিক আদালতে কমিশনের দুই হাজার ৮৮৩টি মামলা বিচারাধীন রয়েছে। উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে ২৪৮টি মামলার বিচার কার্যক্রম। অন্যদিকে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন ব্যুরোর আমলে (বর্তমানে দুদক) দায়ের হওয়া মামলার মধ্যে ৩৯২টি মামলার বিচার এখনো শেষ হয়নি। এসব মামলার মধ্যে উচ্চ আদালতের নির্দেশে ১৮৩টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘উচ্চ আদালতসহ প্রতিটি কোর্টে আমাদের আইনজীবী রয়েছেন। যখন কোনো মামলা স্থগিত হয়, তারা চেষ্টা করেন মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করার। আইজীবীদের আইনি যুক্তি শুনে আদালত সন্তুষ্ট হলে স্থগিতাদেশ প্রত্যাহার হয়। এভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুদকের দায়িত্বরত প্যানেল আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘কোনো মামলার একাধিক আসামি থাকলে যে কোনো একজন আসামির আবেদনের পরিপ্রেক্ষিতেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আসতে পারে। বেশকিছু মামলার ক্ষেত্রে এ ধরনের ঘটনা দেখা যায়। আমার কাছে এমন কয়েকটি মামলা রয়েছে, যেগুলোর কার্যক্রমে স্থগিতাদেশ রয়েছে। কোনো মামলার ওপর যখন হাইকোর্ট থেকে স্থগিতাদেশ আসে তখন সে বিষয়ে কমিশনকে অবহিত করা হয়। এরপর কমিশন উচ্চ আদালতে নিয়োজিত দুদকের আইনজীবীদের মাধ্যমে সেসব মামলা স্থগিতাদেশ প্রত্যাহারে মোকাবিলা করে থাকে।’
সুপ্রিমকোর্টে দায়িত্বরত দুদকের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘কোনো মামলার বিষয়ে স্থগিতাদেশ এলে সেই আদেশ প্রত্যাহারের জন্য আমরা আপিল বিভাগে যাই। আদালতের কাছে আমাদের আইনি যুক্তি ও ব্যাখ্যা তুলে ধরি। এভাবে পুরনো অসংখ্য মামলা সম্প্রতি সচল হয়েছে, যেগুলোর ট্রায়াল কোর্টে পুনরায় বিচার চলছে।’
দুদক থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সারাদেশের বিচারিক আদালতগুলোর মামলার মধ্যে ৭৯৬টি মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে, এর মধ্যে স্থগিত রয়েছে ১৩৬টি। আর ঢাকার বাইরে বিচারাধীন ২ হাজার ৪৮টির মধ্যে স্থগিত আছে ২৯৫টি মামলার কার্যক্রম।
এদিকে হাইকোর্ট বিভাগে মোট তিন হাজার ২১৯টি মামলা-আবেদন বিচারাধীন রয়েছে। অন্যদিকে আপিল বিভাগে বিচারাধীন ৪৮৬টি মামলা। হাইকোর্ট বিভাগের ৬৭৬টি ও আপিল বিভাগে ১৩৬টি রিট মামলার মধ্যে ২২১টি স্থগিত রয়েছে। হাইকোর্ট বিভাগে ৮২৯টি ও আপিল বিভাগের ১৮৫টি ‘ক্রিমিনাল মিস’ মামলার মধ্যে ৯৩টির কার্যক্রম স্থগিত আছে। হাইকোর্ট বিভাগে ১ হাজার ১৩৬টি ও আপিল বিভাগে ৭৩টি ক্রিমিনাল আপিল মামলার মধ্যে ১২টি মামলার কার্যক্রম স্থগিত এবং হাইকোর্টের ৫৭৮টি ও আপিল বিভাগে ৯২টি ক্রিমিনাল রিভিশন বিচারাধীন মামলার মধ্যে ৬৯টি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন দুর্নীতির মামলাগুলোর মধ্যে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৩৭৫টি মামলা কার্যক্রম স্থগিত ছিল। এর পর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন করে আরও ৩৯টি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। তবে একই সময়ে ১৯টি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আদালত।
বিচারিক আদালতে গত জুন পর্যন্ত ছয় মাসে ১৮৯টি মামলা নিষ্পত্তি হয়েছে; এর মধ্যে ১১৪টি মামলায় সাজা, ৬১টি মামলায় খালাস ও ১৪টি মামলা অন্যান্যভাবে নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ব্যুরোর আমলের ২৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোর মধ্যে চারটি মামলায় সাজা হলেও ১৫টি মামলার আসামিরা খালাস পেয়েছেন। আর এ সময়ে ব্যুরোর আমলের চারটি মামলা অন্যান্যভাবে নিষ্পত্তি হয়। নিষ্পত্তি হওয়া কমিশন ও ব্যুরোর মামলার মধ্যে ৬০ দশমিক ৩১ শতাংশ মামলার সাজা হলেও বাকি ৩৯ দশমিক ৬৯ শতাংশ মামলার আসামি খালাস পেয়েছেন।
অন্যদিকে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা মধ্যে গত জুন পর্যন্ত ৮ দশমিক ৫৮ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে কমিশনের পক্ষে ৪৮ দশমিক ৬৮ শতাংশ মামলা নিষ্পত্তি হয়। সেগুলোর মধ্যে একটা বড় অংশ জামিন সংক্রান্ত আবেদন। তবে জামিন বাদে কমিশনের পক্ষে ৮২ দশমিক ২৮ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময় বিচারাধীন আপিল বিভাগের মামলাগুলোর মধ্যে ৮ দশমিক ৭৪ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে, এগুলোর মধ্যে কমিশনের পক্ষে নিষ্পত্তির হার ৪৬ দশমিক ২০ শতাংশ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।